নির্বাচিত সরকার দায়িত্ব নিলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

সেনাপ্রধান

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তবে তিনি স্পষ্ট করেন, পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশের হাতে না আসা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠপর্যায়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

রোববার সকালে ‘সেনাপ্রধানের দরবারে’ সেনাবাহিনীর সকল পদবির সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচনকালীন দায়িত্ব পালনে চমৎকার দায়িত্ববোধ ও পেশাদারত্ব প্রদর্শনের জন্য সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।

দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে ওয়াকার-উজ-জামান বলেন, দেশের মানুষ সেনাবাহিনীর এই অবদান স্মরণে রাখবে। বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।’