Header – Before
Header – After

নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিল প্রধান উপদেষ্টার কার্যালয়

২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলো।

বুধবার (৬ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে একটি পত্র পাঠিয়েছেন। পত্রে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

চিঠিতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়, তিনি অবিলম্বে নির্বাচনী প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতায় তিনি চান, আগামীর নির্বাচন যেন একটি মহা-উৎসবমুখর দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে আশা প্রকাশ করেছেন—নির্বাচন হবে আনন্দ-উৎসবমুখর, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ, ব্যাপক ভোটার উপস্থিতিতে, সৌহার্দ্য ও আন্তরিকতায় ভরপুর একটি স্মরণীয় আয়োজন। এছাড়া, নির্বাচনে উপযুক্ত প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। চিঠিতে আরও জানানো হয়, নির্বাচন কমিশন যেন প্রত্যাশিত মানের একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করে, সে লক্ষ্যে সরকার সবধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। সবশেষে, প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান তার মুখ্য সচিব।