আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্যিক কেন্দ্র ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন ছুটি থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন (১১ ফেব্রুয়ারি) সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) স্বাভাবিকভাবেই ছুটি থাকে, এবং ভোটের পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে নির্বাচন উপলক্ষে শ্রমিকরা কয়েকদিনের জন্য অবসর পাবেন।
