সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছিলেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা কৃষিজমি হিসেবে ৫ দশমিক ২ একর দেখিয়েছেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ২৯ একরের তথ্য পাওয়া গেছে। দুদক এ বিষয়ে কাজ করলেও মনোনয়ন বাতিলের প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি।
রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজ নিয়ে কোনো ধরনের চাপ নেই। তবে নানা সীমাবদ্ধতা রয়েছে। তিনি আরও বলেন, যে দলেরই হোক, সৎ লোককে নির্বাচিত করতে হবে। কে কোন দলের—এটা বড় বিষয় নয়; দেখতে হবে ব্যক্তি সৎ কি না।
দুদকের মামলার আসামি হওয়ার সম্ভাবনা থাকা ব্যক্তিকে গ্রহণ করলে পূর্বের মতোই পরিণতি হবে মন্তব্য করে তিনি বলেন, প্রার্থীরা হলফনামায় দেশি–বিদেশি আয়ের হিসেব দেন। কেউ গোপন করলে তা খুঁজে বের করে দেশবাসীর সামনে তুলে ধরার দায়িত্ব আপনাদের—গণমাধ্যমের। তিনি জানান, দুদক বিচারকারী প্রতিষ্ঠান নয়; দুদকের দায়িত্ব মামলার তথ্য–উপাত্ত আদালতে উপস্থাপন করা, আর বিচার করবে আদালত। কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সিলেটে গণশুনানিতে অংশ নেন দুুদক চেয়ারম্যান।
