নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক, নির্বাচনে জমা দেওয়া হলফনামায় বার্ষিক আয় হিসেবে ১৬ লাখ টাকা দেখিয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। পাশাপাশি, তাঁর নামে ব্যাংক ঋণ রয়েছে সাড়ে তিন লাখ টাকা। বুধবার (৩১ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
হলফনামা অনুযায়ী, নাহিদ ইসলামের পিতার নাম মো. বদরুল ইসলাম জমির, মাতা মমতাজ নাহার এবং স্ত্রী ফাতেমাতুজ জোহরা। তিনি বর্তমানে পেশায় পরামর্শক। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
হলফনামায় উল্লেখ করা হয়, শিক্ষকতা ও পরামর্শ প্রদান করে তার বার্ষিক আয় ১৬ লাখ টাকা। তবে গত বছরে তার মোট আয় হয়েছে ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা। ওই বছরে তিনি আয়কর পরিশোধ করেছেন ১ লাখ ১৩ হাজার ২৭৪ টাকা। নাহিদ ইসলামের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, কৃষি বা অকৃষি জমি নেই। তার নামে কোনো আগ্নেয়াস্ত্র কিংবা মামলা থাকার তথ্যও নেই। ঠিকানা হিসেবে হলফনামায় উল্লেখ করা হয়েছে— বর্তমান ঠিকানা এইচ-৮৪/সি, দক্ষিণ বনশ্রী, গোড়ান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। স্থায়ী ঠিকানা নিগুড় অ্যাপ্লাইড, ফকিরখালী, বড় বেরাইদ, বাড্ডা, ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এবারের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগতভাবে অংশ নিচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
