৩৩ বছর ধরে কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে নন-ক্যাডার থেকে উপকমিশনার হিসেবে কেউ পদোন্নতি পাননি। সোমবার (৫ জানুয়ারি) মো. মনিরুজ্জামান চৌধুরী নামের একজন সহকারী কমিশনারকে উপকমিশনার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবীর সই করা পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নন-ক্যাডার বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের (বাকাএভ) কর্মকর্তারা বলছেন, ৩৩ বছর পর নন-ক্যাডার পর্যায়ে বৈষ্যমের অবসান হয়েছে।
বাকাএভ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজস্ব হলো রাষ্ট্র পরিচালনার অক্সিজেন। আর রাজস্ব আয়ের প্রায় পুরোটার যোগানদাতা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আদায় করা রাজস্বের দুই-তৃতীয়াংশ কাস্টমস ও ভ্যাটের মাঠপর্যায়ে কর্মরত পাঁচ হাজারের অধিক সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) ও রাজস্ব কর্মকর্তাদের (সুপারিনটেনডেন্ট) মাধ্যমেই আহরিত হয়। আমরা লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ নিশ্চিতকল্পে আইন-বিধির প্রয়োগে বিভিন্ন ধরনের বাধাবিপত্তি পেরিয়ে অতিরিক্ত কর্মঘণ্টা ভাতা, রেশন, ঝুঁকিভাতা, ইউনিফর্ম, আবাসন, যানবাহন, বদলি নীতিমালা, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা, ক্যারিয়ার প্ল্যানিংসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কোন লজিস্টিক সাপোর্ট ছাড়াই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।

আরও বলা হয়, বৈষম্যের বিরুদ্ধে সৃষ্ট নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। কিন্তু নন-ক্যাডার কর্মকর্তারা যথাসময়ে বুনিয়াদি প্রশিক্ষণ, চাকরি স্থায়ীকরণ, গ্রেডেশন, উচ্চতর গ্রেড, চলতি দায়িত্ব থেকে নিয়মিতকরণ, পদোন্নতিসহ সর্বক্ষেত্রেই বৈষম্যের শিকার। যার প্রকৃষ্ট উদাহরণ ৩৩ বছর পর নন-ক্যাডার কর্মকর্তাদের মধ্য হতে উপকমিশনার পদে আজকের পদোন্নতি। উপকমিশনার পদে পদোন্নতির সকল যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র সরাসরি ক্যাডার পদে যোগদান করা এবং ডিপার্টমেন্টাল পদোন্নতিপ্রাপ্তদের সমন্বিত গ্রেডেশন না থাকার কারণে নন-ক্যাডার কর্মকর্তারা যুগের পর যুগ পদোন্নতি বঞ্চিত হচ্ছিলেন। অবশেষে আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে একজন নন-ক্যাডারকে সহকারী কমিশনার থেকে উপকমিশনার পদে পদোন্নতির মাধ্যমে এই বৈষম্যের অবসান হলো। আজকের এই পদোন্নতিতে বাকাএভ এর সকল সদস্যদের (রাজস্ব কর্মকর্তা -সহকারী রাজস্ব কর্মকর্তা) পক্ষ থেকে অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান ও সদস্যসহ (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বৈষম্যমুক্ত কাস্টমস ও ভ্যাট পরিবারে যথাসময়ে ন্যায্য পদোন্নতির এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন কর্মকর্তারা।

