নতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা। গত বৃহস্পতিবার বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হলেও তা প্রকাশ করা হয়েছে শনিবার।
নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে বেতন বেড়েছে ১০০ শতাংশ। দ্বিতীয় গ্রেডে মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার টাকা, যা ১০০ শতাংশ বৃদ্ধি। আর তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে মূল বেতন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা। এ গ্রেডেও বেতন বেড়েছে ১০০ শতাংশ।
চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার টাকা। ষষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা হয়েছে। সপ্তম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৫৮ হাজার টাকা হয়েছে। অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে বেতন বেড়ে হয়েছে ৪৬ হাজার টাকা। নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা হয়েছে। দশম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা হয়েছে। ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা হয়েছে।
১২তম গ্রেডের মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার ৩০০ টাকা। ১৩তম গ্রেডে ১১ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২৪ হাজার টাকা। ১৪তম গ্রেডের মূল বেতন ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা হয়েছে। ১৫তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ হাজার ৮০০ টাকা।
১৬তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা হয়েছে। ১৭তম গ্রেডের মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। ১৮তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা হয়েছে। ১৯তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। সর্বনিম্ন বা ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর। তবে কর্মচারীরা শুরুতেই বর্ধিত বেতনের পুরো অংশ পাবেন না। গত জুলাই থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত নবম থেকে ওপরের গ্রেডধারীরা পাবেন মূল বেতনের ৪০ শতাংশ। এ সময়ের মধ্যে ২০তম থেকে দশম গ্রেড পর্যন্ত গ্রেডধারীরা পাবেন মূল বেতনের ৫০ শতাংশ।
