নকল ওষুধ বিক্রি: লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির অভিযোগে লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৩০ নভেম্বর) বিকেলে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে ওষুধগুলো নকল প্রমাণিত হলে ভোক্তা অধিদপ্তর আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় নকল ওষুধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান পরিচালনা করে ওষুধ জব্দ করা হয় এবং ল্যাব পরীক্ষায় নকল প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। লাজফার্মার পক্ষ থেকে জানানো হয়, তাদের সাপ্লাইকারি প্রতিনিধি প্রতারণা করেছে। ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, বাজারে ভেজাল ও অনিয়মিত ওষুধ বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছেন। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, সেনেটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ সেনাবাহিনী, পুলিশ সদস্যরা।