রাজধানী ঢাকার বড় মাত্রার ভূমিকম্প সহ্য করার সক্ষমতা অত্যন্ত সীমিত। বিশেষজ্ঞদের মতে, ৭ মাত্রার ভূমিকম্প হলে শহরের অধিকাংশ ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং বিপুলসংখ্যক ভবন ধসে পড়তে পারে। ঢাকায় বিদ্যমান প্রায় ২১ লাখ ৪৫ হাজার ভবনের মধ্যে সাড়ে ৮ লাখেরও বেশি ভবন ঝুঁকিতে রয়েছে। এর প্রধান কারণ, ভবন নির্মাণে জাতীয় ভবন নির্মাণ কোড যথাযথভাবে অনুসরণ করা হয়নি। অনেক ভবনই সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন ছাড়া তৈরি হয়েছে। এমনকি অনুমোদিত নকশার বাইরেও প্রায় ৯৫ শতাংশ ভবন নির্মিত হয়েছে।
অনেক ক্ষেত্রে পেশাদার প্রকৌশলীর পরামর্শ ছাড়াই রাজমিস্ত্রিদের হাতে ভবন নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হয়। আবার সাইনবোর্ড নির্ভর কিছু ডেভেলপার মান বজায় না রেখে বেশি লাভের আশায় নিম্নমানের ভবন তৈরি করে। অথচ এসব অনিয়ম ও দুর্নীতি পর্যবেক্ষণের দায়িত্ব যাদের, তাদের অনেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদাসীন। এ বিষয়ে জানতে চাইলে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম জানান, অতীতে এমন দায়িত্বহীনতা থাকলেও এখন পরিস্থিতি বদলেছে। তিনি বলেন, ‘জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা নিয়মিত কাজ করছি।’ ইতোমধ্যে বিধিবহির্ভূত ৩ হাজার ৩৮২টি ভবন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে ৭–৮ মাত্রার ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে গুরুত্ব দিতে হবে। এর জন্য নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোই প্রথম শর্ত।
রাজউক চেয়ারম্যান জানান, শুক্রবার ভূমিকম্পের পরপরই রাজউকের সবার ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া এলাকাভিত্তিক কর্মকর্তাদের মাঠে নামানো হয়েছে। যেসব ভবনে ফাটল দেখা দিয়েছে তা প্রাথমিকভাবে চিহ্নিত করে জননিরাপত্তার প্রশ্নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২০২২ সালে আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় রাজধানীর ভবনগুলো নিয়ে জরিপ পরিচালনা করেছে। ওই জরিপে বলা হয়েছে, রাজধানীর ২১ লাখ ৪৫ হাজার ভবন রয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ অর্থাৎ সাড়ে আট লাখ ভবন বড় মাত্রার (৭ বা তার চেয়ে বেশি) ভূমিকম্পে ধসে পড়বে। এর মধ্যে সেমিপাকা থেকে বহুতলা ভবন রয়েছে। এর মধ্যে বহুতলাবিশিষ্ট ভবনের সংখ্যা রয়েছে ৭৫ হাজারের বেশি।
রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এবং সমাপ্ত আরবান রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক মো. আব্দুল লতিফ হেলালী বলেন, ঢাকা ও আশপাশের ভবনগুলো ন্যূনতম মান বজায় না রেখেই তৈরি হচ্ছে। এ কারণে ভূমিকম্পের ঝুঁকি মারাত্মক। শুক্রবার ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অনেক ভবনে ফাটল ধরেছে। অনেক ভবন ধসে মানুষ হতাহত হয়েছে। এই মাত্রা ৭ হলে সে পরিস্থিতি হবে ভয়াবহ এক বিপর্যয়। তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে আরবান রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়ন করেছে রাজউক। এ প্রকল্পের আওতায় প্রায় শতকোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এসব যন্ত্রপাতি দিয়ে ভবনের ফিটনেস যাচাই করার কথা। কিন্তু রাজউক ও তৎকালীন মন্ত্রণালয়ের উদাসীনতায় কাজ এগোনো যায়নি। তিনি আরও জানান, মহাখালীতে একটি ভবন তৈরি করা হয়েছে। সেখানে একটি ট্রাস্ট গঠন করে দুর্যোগসহনশীল ভবন নির্মাণ ও বিদ্যমান ভবনের মান যাচাই-বাছাই করার কথা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেগুলো সম্ভব হয়নি। ভবিষ্যতে রাজউক ও সরকার যদি সেই উদ্যোগ বাস্তবায়ন করে, তাহলে রাজধানীর ভবনগুলো অনেকাংশে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সহনশীল হবে।
রাজউকের তথ্য বলছে, রাজধানীতে অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণের প্রবণতা কমছে না। চলতি বছরই সংস্থাটি প্রায় সাড়ে ৩ হাজার অবৈধ ভবন শনাক্ত করেছে এবং সেগুলোর বিরুদ্ধে অভিযানও চালানো হচ্ছে। শুধু তাই নয়—বসিলা, ঢাকা উদ্যান, কেরানীগঞ্জসহ আশপাশের এলাকায় কোনো ধরনের অনুমোদন ছাড়াই শত শত ভবন তৈরি হয়েছে। ড্যাপের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজধানীতে প্রতিবছর গড়ে প্রায় ৯৫ হাজার স্থাপনা নির্মিত হয়েছে। এর মধ্যে রাজউক থেকে অনুমোদন নেওয়া হয়েছিল মাত্র ৪ হাজার ১৪৭টি ভবনের জন্য। অর্থাৎ ওই সময়ে মোট নির্মাণের ৯৫ দশমিক ৩৬ শতাংশই হয়েছে অনুমোদন ছাড়াই। এত বিপুল সংখ্যক অননুমোদিত ভবন এখন রাজউকের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। নানা উদ্যোগে অভিযান চললেও—এই পরিস্থিতিতে কার্যকর সমাধান এখনও মেলেনি।
দেশের শীর্ষস্থানীয় কাঠামো প্রকৌশলী এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম শামীমুজ্জামান বসুনিয়া বলেন, ভূমিকম্প প্রতিরোধ বিষয়ে ঢাকার কিছুটা প্রস্তুতি থাকলেও বড় মাত্রার ভূমিকম্প ঘটলে তা ম্যানেজ করার কোনো সক্ষমতা সরকারের নেই। তিনি বলেন, বড় ধরনের ভূমিকম্পের পর গ্যাস ও বিদ্যুৎ লাইন থেকে আগুন ছড়িয়ে পড়বে পুরো নগরীতে। তখন ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হবে। কে, কাকে বাঁচাবে সেটিই হবে বড় প্রশ্ন। তবে ভূমিকম্পে যারা বেঁচে যাবে তাদেরও নিরাপদে সরে যাওয়া কঠিন হবে। আগুন, পানি এবং পয়োপ্রণালি সিস্টেম বিশৃঙ্খল হয়ে পড়বে। সেসব ম্যানেজ করে ঢাকাকে বাসযোগ্য করা সম্ভব হবে না।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান বলেন, বড় মাত্রার ভূমিকম্প সংঘটিত হলে তা ম্যানেজ করার কিছুটা প্রস্তুতি ফায়ার সার্ভিসের রয়েছে। তবে সেটি প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়াতে হবে। ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখতে হবে। এছাড়া হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি সে সময় ব্ল্যাডব্যাংক সংরক্ষণ করা বেশি জরুরি হয়ে পড়বে।
এদিকে রাজউক সূত্র জানায়, ভবনের মান যাচাইয়ের জন্য রাজউক শিগগির বিশ্বমানের প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অনেকখানি এগিয়ে গেছে। এটি কার্যকর হলে স্বাধীন একটি সংস্থা বা ট্রাস্ট গঠনের মধ্য দিয়ে প্রযুক্তিগতভাবে যাচাই কার্যক্রম শুরু হবে। এরপর অবৈধ ও ভূমিকম্প সহনশীল ভবন বিশেষ রঙ দিয়ে মার্কিং করা হবে।
