দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার

প্রধানমন্ত্রী

দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে সরকার কোনো কাজ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস-বিদ্যুতের সংকট দেখা দিয়েছে, যা বিগত ফ্যাসিবাদী সরকারের অপরিপক্বতার ফল। এসব বাধা পেরিয়ে রাষ্ট্র মেরামতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সামর্থ্য অনুযায়ী সরকার সর্বদা কৃষকদের পাশে দাঁড়াবে এবং তাদের স্বার্থ রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

নারী শিক্ষা ও শিক্ষার্থীদের সুসংবাদ দিয়ে তিনি বলেন, নারী সমাজকে এগিয়ে নিতে স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করা হবে এবং ভালো ফলাফল করা ছাত্রীদের উপবৃত্তি দেওয়া হবে। এছাড়া সারা দেশে দরিদ্র ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও ব্যাগ প্রদান করার ঘোষণাও দেন তিনি। বক্তব্যের শেষ অংশে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনর্ব্যক্ত করেন, দেশের মানুষের জীবনমানের উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তনই এই সরকারের মূল লক্ষ্য। যেসব কাজে জনগণের প্রত্যক্ষ উপকার হবে, সরকার সেই কাজগুলোকেই প্রাধান্য দেবে।