Header – After

দেশের ৭১% স্কুলে নেই পর্যাপ্ত টয়লেট

বিবিএস’র জরিপ

দেশের স্কুল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) ব্যবস্থার পরিস্থিতি এখনও উদ্বেগজনক। পর্যাপ্ত ও মানসম্পন্ন টয়লেটের অভাব, নিরাপদ মানববর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি এবং হাত ধোয়ার মৌলিক সেবা নিশ্চিত করতে না পারার কারণে শিক্ষার্থী ও রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এসব তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘ওয়াশ ইন এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার ফ্যাসিলিটিজ সার্ভে ২০২৪’-এর প্রতিবেদনে। রোববার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৭১.৪ শতাংশ স্কুলে প্রতি ৫০ জন শিক্ষার্থীর জন্য একটি করে উন্নত টয়লেট নেই। মাত্র ২৮.৬ শতাংশ স্কুলে এমন একটি উন্নত টয়লেট রয়েছে, যা আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত ন্যূনতম মানদণ্ড পূরণ করে। এছাড়া, ৬৬.১ শতাংশ স্কুল এবং ৫৪.৬ শতাংশ স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদভাবে মানববর্জ্য ব্যবস্থাপনা করা হয় না। নিরাপদভাবে মানববর্জ্য ব্যবস্থাপনা করে থাকেন মাত্র ৩৩.৯ শতাংশ স্কুল এবং ৪৫.৪ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।

পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী এবং ওআইসি ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি ফারুক আদরিয়ান ডুমন। জরিপের ফলাফল উপস্থাপন করেন বিবিএস-এর এসডিজি সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. আলমগীর হোসেন। এছাড়া বক্তব্য দেন বিবিএস-এর ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইং-এর পরিচালক মো. এমদাদুল হক।

বিবিএস বলেছে, জরিপে দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং বিস্তৃত স্বাস্থ্যসেবা সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিনিধিত্বমূলক তথ্য নিশ্চিত করার জন্য ওয়াটসনের সূত্র অনুসারে নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং ২০২৪ সালের ২৬ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশের শতকরা ৯৫ দশমিক ৪ শতাংশ স্কুল এবং ৮৭ দশমিক ৫ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উন্নত পানির উৎসের সুবিধা আছে। তবে মৌলিক পানি সেবার সংজ্ঞা অনুযায়ী, উন্নত পানির উৎস প্রতিষ্ঠান প্রাঙ্গণের ভেতরে থাকতে হয়-এই মানদণ্ড পূরণ করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে কম। মাত্র ৮৬ দশমিক ১ শতাংশ স্কুল এবং ৭০ দশমিক ৫ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই মানদণ্ড পূরণ করে। দেশের মাত্র ৫৫ দশমিক ৪ শতাংশ স্কুলে প্রতিবন্ধীদের উপযোগী উন্নত পানির পয়েন্টের সুবিধা রয়েছে। অপরদিকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় এই হার আরও কম-মাত্র ৪০ দশমিক ৯ শতাংশ। আরও বলা হয়েছে, মাত্র ১১ দশমিক ১ শতাংশ স্কুল এবং ৩৪ দশমিক ৯ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ওয়াশ খাতে বরাদ্দ রয়েছে। ৯০ দশমিক ৬ শতাংশ স্কুল এবং ৯৮ দশমিক ৫ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অন্তত একটি টয়লেট রয়েছে। তবে এর মান ও ব্যবহারযোগ্যতা নিয়ে ভিন্নচিত্র পাওয়া যায়। অপরদিকে অধিকাংশ প্রতিষ্ঠানে হাত ধোয়ার সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রে পানি ও সাবানের অভাব রয়েছে। ফলে মাত্র ৫১ দশমিক ৭ শতাংশ স্কুল এবং ৫ দশমিক ০ শতাংশ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হাত ধোয়ার মৌলিক সেবার মানদণ্ড পূরণ করতে পারছে। এতে কার্যকর স্বাস্থ্যবিধি অনুশীলন ব্যাহত হচ্ছে এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের মান ক্ষুণ্ন হচ্ছে।

নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সুবিধাও অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত। মাত্র ২০.৭ শতাংশ স্কুলে কিশোরীদের জন্য পৃথক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট রয়েছে। শুধুমাত্র ৬.৯ শতাংশ স্কুল মাসিককালীন মৌলিক সেবা প্রদান করতে সক্ষম। এসব সুবিধার অভাব শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিতি বাড়ায়, অস্বস্তি সৃষ্টি করে এবং শিক্ষায় লিঙ্গভিত্তিক বৈষম্য বৃদ্ধি করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যৌথভাবে স্যানিটেশন, পানি সরবরাহ ও হাত ধোয়ার সুবিধা রয়েছে মাত্র ১ শতাংশ প্রতিষ্ঠানে। এর মধ্যে শহরে ৩.২ শতাংশ এবং গ্রামে মাত্র ০.৪ শতাংশ প্রতিষ্ঠানে এসব সুবিধা আছে। পানিপ্রাপ্তির ক্ষেত্রে রাজশাহী বিভাগ সবচেয়ে এগিয়ে, যেখানে ৮১.৯ শতাংশ প্রতিষ্ঠান পানি সরবরাহে সক্ষম, আর সবচেয়ে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ বিভাগ, যেখানে এই সুবিধা মাত্র ৬১.৯ শতাংশ প্রতিষ্ঠানে রয়েছে।