Header – After

দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন

নিজেদের উচ্চগতির মাগলেভ ট্রেন দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন। পরীক্ষায় মাত্র দুই সেকেন্ডের মধ্যেই ট্রেনটি ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছায়। গতিবেগ এতটাই বেশি যে পাশে দাঁড়িয়ে থাকা কেউ এক সেকেন্ডের বেশি সময় ট্রেনটিকে চোখে রাখতে পারবেন না। ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকেরা চৌম্বক শক্তিচালিত এ ট্রেনের ওপর পরীক্ষা চালান। এক হাজার টনেরও বেশি ওজনের ট্রেনটিকে এত উচ্চ গতিতে চালাতে সক্ষম হন তাঁরা।

ম্যাগলেভ ট্র্যাকের ওপর চালানো এ ট্রেনটি সর্বোচ্চ গতি অর্জনের পর আবার নিরাপদভাবে থামানো সম্ভব হয়েছে। এর মাধ্যমে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেনে পরিণত হয়েছে। গত ৩ ডিসেম্বর সামাজিকমাধ্যমে ট্রেনটির একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ ট্রেনটি দেখার অপেক্ষায় ছিলেন; কিন্তু চোখের পলক ফেলার আগেই সেটি দৃষ্টির বাইরে চলে যায়।

এই ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের দ্বারা চলে। ফলে রেললাইনের সঙ্গে সরাসরি এটির চাকা যুক্ত থাকে না। ট্রেনটি মূলত চুম্বকের মাধ্যমে ভেসে থাকে এবং চুম্বকের মাধ্যমেই চলে। এই ট্রেনের গতিবেগ এতই বেশি যে এটির শক্তি দিয়ে রকেটও নিক্ষেপ করা যাবে। কম সময়ে এত গতি তোলা ট্রেনটি যদি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে তাহলে সাধারণ মানুষ চীনের একটি শহর থেকে আরেকটি শহরে কয়েক মিনিটের মধ্যে যেতে পারবেন।