দুই বছরের মুনাফা পাবেন না আমানতকারীরা

একীভূত পাঁচ ব্যাংক

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে তাদের জমা আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না। আন্তর্জাতিক রীতি অনুসারে, বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের দুই বছরের মুনাফা ‘হেয়ারকাট’ বা কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বজুড়ে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় হেয়ারকাট পদ্ধতি অনুসরণ করা হয় এবং বাংলাদেশ ব্যাংকও একই প্রক্রিয়া গ্রহণ করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বুধবার পাঁচটি ব্যাংকের প্রশাসকদের চিঠি দিয়েছে। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, ব্যাংকগুলোর আমানতকারীদের সব আমানতের হিসাব পুনরায় গণনা করতে। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো একীভূত করে নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হবে।

জানা গেছে, ২০২৪ ও ২০২৫ সালে ব্যাংক পাঁচটি বড় অঙ্কের লোকসান দিয়েছে। এ জন্য আমানতকারীরা এই দুই বছরের জন্য তাদের আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবেন না। ব্যাংকগুলোতে ৭ থেকে ৯ শতাংশ মুনাফার আমানত রয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে আমানতকারীদের হিসাবে দুই বছরে যে মুনাফা যুক্ত হয়েছে, তা কমে যাবে। ফলে আমানতের স্থিতিও কমে আসবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। চিঠিতে বলা হয়েছে, রেজল্যুশন স্কিমের সুষম বাস্তবায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ক্ষেত্রে পয়লা জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব আমানতের ওপর কোনো মুনাফা বা লাভ বিবেচনা করা যাবে না।

This will close in 5 seconds