ঢাকা শহর ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠেছে। এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলায়। প্রভাব পড়েছে ঢাকা ও আশপাশের জেলাগুলিতেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের অনুমান অনুযায়ী, ভূমিকম্পের প্রায় আড়াই ঘণ্টা পর তারা জানিয়েছে, এতে ৭ কোটির বেশি মানুষ মৃদু কম্পন অনুভব করেছেন। এছাড়া প্রায় পৌনে ৭ কোটি মানুষ হালকা ঝাঁকুনিও পেয়েছেন।
এ ভূমিকম্পকে ঝুঁকির মাত্রা অনুযায়ী কমলা শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে ইউএসজিএস। এর মানে হলো এমন ভূমিকম্পে উল্লেখযোগ্য প্রাণহানির আশঙ্কা থাকে। অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি অনুযায়ী, এটি হলুদ শ্রেণিভুক্ত। বাংলাদেশের জিডিপির ১ শতাংশের কম অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি থাকে। সংস্থাটির অনুমিত হিসাব অনুযায়ী, ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভব করেছেন ঢাকার ১ কোটির বেশি মানুষ। উৎপত্তিস্থল নরসিংদী জেলায় উচ্চ শক্তিশালী কম্পন অনুভব করেছেন প্রায় ৩ লাখ মানুষ।
মার্কিন এই সংস্থা বাংলাদেশে এর আগের তিনটি ভূমিকম্পের উপাত্তও তুলে ধরেছে তাদের ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে, ১৯৮৪ সালের ৩০ ডিসেম্বর ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে ২০ জনের মৃত্যু হয়েছিল। ১৯৯৯ সালের ২২ জুলাইয়ের ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৬ জনের।
ভূমিকম্পের প্রভাবে রাজধানীতে বিভিন্ন স্থানে দেয়াল ধসে পড়েছে। কোনো ভবনের রেলিং ও অংশবিশেষ ভেঙে পড়তে দেখা গেছে। অনেকেই ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। এতে অন্তত ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন ও নারায়ণগঞ্জে ১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে নরসিংদীর মাধবদী উপজেলায় ভূমিকম্পের উৎপত্তি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই ভূমিকম্পের মাত্রা ৫.৫ দেখিয়েছে। এটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। ৫.৭ মাত্রার এই মাঝারি ভূমিকম্পকে স্মরণকালের মধ্যে কম্পনের তীব্রতার দিক থেকে নজিরবিহীন বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।
ইউএসজিএস বলছে, বাংলাদেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চল ভূমিকম্পপ্রবণ হলেও কেন্দ্রীয় অঞ্চল তুলনামূলকভাবে শান্ত থাকে। ১৯৫০ সাল থেকে এখন পর্যন্ত ঢাকার ২৫০ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ৫ বা তার বেশি মাত্রার ১৪টি ভূমিকম্প হয়েছে—এর মধ্যে দুটি ছিল ৬ মাত্রার। আর গতকাল নরসিংদীর মাধবদীর ভূমিকম্পটি ছিল ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে।
ভূমিকম্পটির তীব্রতা এত বেশি কেন জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্পবিশেষজ্ঞ মেহেদি আহমেদ আনসারী বলেন, এ ভূমিকম্প ঢাকার খুব কাছে হয়েছে। এর আগে এখানে ৪ মাত্রার বেশি ভূমিকম্প হয়নি। মেহেদি আহমেদ আনসারী বলেন, এর আগে ২০২৩ সালে রামগঞ্জে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। সেটি ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকার দূরত্ব সেই তুলনায় অনেক কম।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, ২০১৫ থেকে ২০২৫ সাল—এই এক দশকে বাংলাদেশে ২০টি ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ২০২৩ সালের ২ ডিসেম্বর। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৫। বাকি ভূমিকম্পগুলোর গড় মাত্রা ছিল ৪। সবচেয়ে বেশি ছয়টি ভূমিকম্প আঘাত হেনেছিল কক্সবাজারের টেকনাফ উপজেলায়।
