তিন সাবেক মন্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

আওয়ামী লীগের আরও তিন সাবেক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট–বিএফআইইউ। এরা হলেন– খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ ও নুরুজ্জামান আহমেদ। এছাড়া আয়নাঘরের প্রতিষ্ঠাতা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মেয়ে তাসফিয়া আহসান জইতার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। সম্প্রতি সব ব্যাংকে আলাদা চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বিএফআইইউর চিঠিতে- সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ব্যক্তিগত হিসাব ফ্রিজ করা হয়েছে। নুরুল ইসলাম নাহিদের নিজ হিসাবসহ তার স্ত্রী ও সন্তানের অ্যাকাউন্টও অবরুদ্ধ করা হয়েছে। একইভাবে, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের স্ত্রী, ছেলে ও ছেলের দুই সংসারের সন্তানের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।

অ্যাকাউন্ট ফ্রিজ ছাড়াও প্রত্যেকের অ্যাকাউন্টের লেনদেন, হালনাগাদ বিবরণী, কেওয়াইসি, অ্যাকাউন্ট খোলার ফরমসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। ইতোমধ্যে কোনো হিসাব থাকলে তাও কেন্দ্রীয় ব্যাংকে জানাতে বলা হয়েছে।