ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বাংলাদেশের জনগণ, বিএনপি ও দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের পরদিন শুক্রবার সকালে দেওয়া এক বিবৃতিতে এ অভিনন্দন বার্তা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের প্রতিফলন। এ উপলক্ষে বিজয়ী দল বিএনপি এবং চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদী। আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের দিকে এগিয়ে যায়। ১৭ বছর লন্ডনে অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র ছয় দিনের মাথায় তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ব্যক্তিগত শোকের মধ্যেও দলকে নির্বাচনে বিজয়ী করে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান।
