Header – After

তামাকজাত দ্রব্যের মূল্য না বাড়ায় জনস্বাস্থ্য উপেক্ষিত

বিএনটিটিপি

অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে তামাকজাত দ্রব্যের মূল্য ও করহার না বাড়ানোয় জনস্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)। ২ জুন, সোমবার বাজেট পরবর্তী এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের ওপর অগ্রিম কর ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিকভাবে আমদানি করা সিগারেট পেপারের ওপর সম্পূরক শুল্ক ১৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০০ শতাংশ করার প্রস্তাবও ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়। তবে তামাকজাত কোনো পণ্যেরই মূল মূল্য বা করহার বাড়ানো হয়নি, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করে সংগঠনটি।

বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনটিটিপির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, অন্যান্য বছরের মতো এবারের বাজেটেও তামাকজাত পণ্যের ওপর ত্রুটিপূর্ণ অ্যাডভেলোরেম পদ্ধতি অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করেছিলাম এবার এই পদ্ধতির পরিবর্তে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট কর আরোপ করা হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়ত, তেমনি তামাকের ব্যবহার কমিয়ে জনস্বাস্থ্যের উন্নয়নে সহায়ক হতো।