ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, দুই ছেলে শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ারসহ তাদের স্বার্থ সংশ্লিষ্টদের ২১টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবের মধ্যে মোট ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা রয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ ফজলে নূর তাপসের অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত তার নিজ, তার সন্তান ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে ২১টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। এসব অস্থাবর সম্পদ যাতে হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করতে না পারে সেজন্য ২১ ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন।
এর আগে, গত ৫ জানুয়ারি দুদক তাপসের বিরুদ্ধে মামলা করে। মামলায় উল্লেখ করা হয়, আসামি ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। এছাড়া তিনি নিজের নামে থাকা ২৭টি ব্যাংক হিসাব ব্যবহার করে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা এবং ২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন করেছেন। অর্থাৎ, তার ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা লেনদেন এবং ২ লাখ ৬৩ হাজার ৭৩৬ মার্কিন ডলার জমা ও ২ লাখ ৫৩ হাজার ৭৯১ মার্কিন ডলার উত্তোলন হয়েছে। এর মাধ্যমে মোট ৫ কোটি ১৭ লাখ ৫২৭ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে।
