তানভীর-স্বার্থসংশ্লিষ্টদের ৭৪ ব্যাংক হিসাব ফ্রিজ

মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৭৪টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানিয়েছেন।

এদিন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. শেখ রাসেল। এসময় অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তফা সারোয়ার মুরাদ শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, নগদ লিমিটেড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ই-মানি ইস্যু এবং ট্রাস্ট কাম সেটেলমেন্ট হিসাব থেকে প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউশন হাউসের ব্যাংক হিসাব ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচার করে থাকতে পারে মর্মে অনুমিত হয়েছে।

এ ছাড়া, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শেয়ার প্রকৃত মূল্যের তুলনায় কম দামে হস্তান্তর করে বিদেশে অর্থ পাচার হয়েছে—এমন আশঙ্কারও ভিত্তি রয়েছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)–এর ২ (শ) (৫) ও ২ (শ) (১৪) ধারায় প্রতারণা এবং দেশি-বিদেশি মুদ্রা পাচারের অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এই পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে নগদ লিমিটেড সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো থেকে যাতে কোনো অর্থ স্থানান্তর করা না যায়, সে জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব হিসাব স্থায়ীভাবে ফ্রিজ (অবরুদ্ধ) করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

** নগদের সাবেক এমডি মিশুকসহ ১৩ জনের হিসাব জব্দ
** নগদের সাবেক এমডি মিশুকসহ ৯ জনের নামে মামলা
** নগদের সাবেক চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা
** নগদের ২,৩৫৬ কোটি টাকার জবাব নেই