তল্লাশিতে লাগেজে ধরা পড়ল এয়ারগান, যাত্রী আটক

শাহজালাল বিমানবন্দর

শুল্ক ফাঁকি দিয়ে লাগেজে করে গ্যাসচালিত এয়ারগান নিয়ে আসায় নূর হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার রাতে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরেন তিনি। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাঁকে রাজধানীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেছে বিমানবন্দর থানা–পুলিশ। নূর হোসেনের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

বিমানবন্দর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শ্রীলঙ্কা থেকে আসা একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নূর হোসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজে তল্লাশি করা হয়। এ সময় সেখান থেকে অত্যাধুনিক গ্যাসচালিত একটি এয়ারগান ও বিভিন্ন শুল্কযোগ্য পণ্য পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে তিনি এসব পণ্য দেশে আনেন। এ জন্য বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা তাঁকে আটক করে থানায় হস্তান্তর করেছেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। তিনি শুল্ক ফাঁকি দিয়ে অত্যাধুনিক গ্যাসচালিত এয়ারগান দেশে নিয়ে এসেছেন। পরে তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।’ মোবারক হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে এসব পণ্য বহন করছিলেন বলে জানিয়েছেন।