তথ্য গোপন করে প্রিমিয়ার সিমেন্টের ভ্যাট ফাঁকি

প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড বিক্রয় তথ্য গোপন করে সরকারের প্রায় ১০ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) তদন্তে উঠে এসেছে। এলটিইউ ভ্যাটের আট সদস্যের পরিদর্শক দল কোম্পানির কম্পিউটার থেকে ভ্যাট–সংক্রান্ত তথ্য মুছে ফেলার প্রমাণও পেয়েছে। এনবিআর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রিমিয়ার সিমেন্ট মিলস নানা কৌশলে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। বিষয়টি আমলে নিয়ে এনবিআরের এলটিইউ ভ্যাটের কর্মকর্তারা পরিদর্শনে যান। পরিদর্শনে ভ্যাট ফাঁকি দেওয়ার নানা অপকৌশলের প্রমাণ পেয়েছেন তারা। প্রিমিয়ার সিমেন্ট পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির হিসাব শাখার কর্মকর্তারা ভ্যাটের কর্মকর্তাদের উপস্থিতিতে অন্যত্র সরে যান। একই সঙ্গে কোম্পানির ভ্যাট সংক্রান্ত যাবতীয় তথ্য কম্পিউটার থেকে মুছে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কম্পিউটারে রিসেন্ট ফাইল বলতে কিছুই পাননি। এ কারণে কোম্পানির বেশকিছু নথিপত্র জব্দ করেন ভ্যাট কর্মকর্তারা। এতে মিথ্যা তথ্য দেওয়া থেকে শুরু করে বিক্রয় তথ্য গোপনের প্রমাণ মেলে।

জানতে চাইলে প্রিমিয়ার সিমেন্ট মিলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আমিনুল হক ভ্যাট ফাঁকির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, রাজস্ব ফাঁকির বিষয়টি ভিত্তিহীন। বিষয়টি বিচারাধীন থাকায় এ নিয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি।

সূত্র জানায়, সরেজমিন পরিদর্শনে ভ্যাট কর্মকর্তারা প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডে ১০০টি স্ক্যান সিমেন্ট রোল এবং ৫০টি ‘রুবি’ ব্র্যান্ডের সেমিফিনিশড রোল পান, যা দিয়ে প্রায় ১ হাজার ব্যাগ সিমেন্ট উৎপাদন সম্ভব। হিসাব–নিকাশে মূসক ৪.৩–এর চালানে দেখানো ইয়ার্ন গ্রেড বাদ দিয়ে হিসাব করা হয়, যেখানে কৌশলে ভ্যাট ফাঁকির প্রমাণ মেলে। মৌখিক অনুরোধের পরও প্রতিষ্ঠানটি সিস্টেম জেনারেটেড কোনো তথ্য ভ্যাট দলকে দেয়নি। কোম্পানির তথ্যমতে, তাদের ব্যাগ উৎপাদনকারী মেশিন ৬টি, এবং ওয়ার্ক–ইন–প্রসেসে পলিপ্রোপাইলিনের পরিমাণ ছিল ২ হাজার ৪০০ কেজি। কোম্পানির হিসাব অনুযায়ী, মোট ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৩৩ লাখ ২৩ হাজার টাকা।

এর আগে প্রিমিয়ার সিমেন্টের ভ্যাট দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ম্যানেজারের উপস্থিতিতেও কম্পিউটার থেকে ভ্যাট সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এলটিইউ ভ্যাট পরিদর্শকরা কম্পিউটারের ফোল্ডার ডিলিটের প্রমাণও পেয়েছেন। সাম্প্রতিক ফাইলেও কোনো তথ্য পাওয়া যায়নি। প্রিমিয়ার সিমেন্টের ডেপুটি ম্যানেজার জানিয়ে দিয়েছেন, কম্পিউটারগুলোতে ভিপিএন সফটওয়্যার ব্যবহার করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠান টালি ও ইআরপি সফটওয়্যার পরিচালনা করে। সফটওয়্যারের পাসওয়ার্ড চাওয়া হলেও কর্মকর্তারা তা দিতে অস্বীকার করেছেন।

এ বিষয়ে এলটিইউ ভ্যাটের এক ঊর্ধতন কর্মকর্তা বলেন, প্রিমিয়ার সিমেন্টের ভ্যাট ফাঁকির বিষয়টি প্রমাণিত সত্য। আর কোম্পানিকে শোকজ করা থেকে শুরু করে সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে ভ্যাট দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি বিকল্প-বিরোধে গিয়েছে। তাদের বিষয়টি গ্রহণযোগ্য না হওয়ায় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।