প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করেছে। রোববার (৮ জুন) সকাল থেকে ট্রেন ও বাসে করে ঢাকায় ফিরছেন অনেকেই। তবে আজও অনেক মানুষ রাজধানী ছাড়ছেন ঈদের ছুটির বাকি সময় কাটাতে।
গতকাল শনিবার (৭ জুন) পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের পরদিন আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে, রাজধানীতে ফেরার পাশাপাশি অনেকেই এখনো বাড়ির পথে রওনা হচ্ছেন। কেউ কেউ ঈদের দিন পরিবারে থাকতে না পারলেও, পরবর্তী সময়ে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ।
মূলত কর্মব্যস্ততার কারণে যারা ঈদের সময় রাজধানীতে থেকেছেন, ঈদের পর এখন তারাই ঢাকা ছাড়ছেন। অনেকে দীর্ঘ ছুটির সুযোগ কাজে লাগিয়ে গ্রামে কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরতে যাচ্ছেন। ট্রেনযাত্রীরা জানিয়েছেন, যাত্রীসংখ্যা কম থাকায় তারা বেশ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। ফলে ঈদের দ্বিতীয় দিনের বাড়ি ফেরার যাত্রা হচ্ছে অনেকটাই নির্বিঘ্ন।
