ডোমিনেজ স্টিল বন্ধ, বাড়ছে শেয়ারদর!

** ছয় মাসে লোকসান বেড়েছে ২০০ শতাংশ
** শেয়ারের দর বেড়েছে ২৫০ শতাংশ!

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর পলাশের ইউনিটটির উৎপাদন কার্যক্রম রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এর একটি দল কোম্পানির বর্তমান কর্মক্ষমতা মূল্যায়নের জন্য গত বছরের ৩ ও ৪ নভেম্বর, সাভারের আশুলিয়া এবং নরসিংদীর পলাশে অবস্থিত ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের কারখানা প্রাঙ্গণ পরিদর্শন করে। পরিদর্শনকালে ডিএসইর প্রতিনিধি দল দেখতে পায় যে কোম্পানির আশুলিয়া, সাভার ইউনিটটি কার্যকর ছিল, অন্যদিকে নরসিংদীর পলাশে অবস্থিত কোম্পানির ইউনিটটি বন্ধ অবস্থায় পাওয়া গেছে বলে জানানো হয়।

এদিকে ৩০ শে জুন’২০২৫ অর্থবছর শেষে কোম্পানির ব্যবসায় রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৯৫ লাখ ৬১ হাজার টাকা, যা আগের অর্থবছরে আয় হয়েছিল ১৮ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৬৫৩ টাকা। অর্থাৎ আগের হিসাববছরের তুলনায় সর্বশেষ বছরের বেড়েছে প্রায় ১৮ লাখ ৩২ হাজার টাকা বা ০.৯৭ শতাংশ। কিন্তু কোম্পানির হিসাবে অন্যান্য খাতের ব্যয় বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ বছরে পরিচালন ব্যয় হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৬৭৩ টাকা, যা আগের হিসাব বছরে এই ব্যয়ের পরিমাণ ছিল ২ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকা। অর্থাৎ ব্যয় কমেছে ৫৩ লাখ ৬০ হাজার টাকা বা ২২ শতাংশ। তবে আগের বছরের তুলনায় সর্বশেষ বছরে কোম্পানির সুদজনিত ব্যয় ১৬ লাখ ২৮ হাজার টাকা বা ১৬.৩৬ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে সুদ ব্যয় হয়েছে ১ কোটি ১৬ লাখ ৪ হাজার টাকা, যা এর আগের বছর ব্যয় হয়েছিল ৯৯ লাখ ৭২ হাজার ৭২৯ টাকা। আর কোম্পানির করজনিত ব্যয় ৩০২.৩৪ শতাংশ। সর্বশেষ বছরে কর ব্যয় হয়েছে ৪২ লাখ ৭৫ হাজার টাকা, আগের বছর ছিল ১০ লাখ ৬২ হাজার টাকা। এতে করে কোম্পানির বছরটিতে কর পরবর্তী মুনাফা হয় ৫০ লাখ ৯৮ হাজার টাকা বা শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.০৫ টাকা। আগের হিসাব বছরে ছিল ২৮ লাখ ৩৪ হাজার টাকা বা ইপিএস ০.০৩ টাকা। অর্থাৎ মুনাফা বেড়েছে ৮০ শতাংশ ,আর ইপিএস প্রায় ৬৭ শতাংশ।

অন্যদিকে হিসাব প্রতিবেদনে দেখা গেছে, ডোমিনেজ স্টীলের স্থায়ী ও চলতি সম্পদের পরিমাণ ১৭৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা, যা আগের বছর ছিল ১৭৫কোটি ৭৮ লাখ ১২ হাজার টাকা। আগের বছরের তুলনায় সম্পদ বেড়েছে মাত্র ৩৩ লাখ ৮ হাজার টাকা বা ০.১৯ শতাংশ।

কোম্পানির শেয়ার দরের চিত্র

গত বছরের ২২ জুন ডোমিনেজ স্টীলের শেয়ার দর ছিল ৯.৯০ টাকা। আর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৪.৭০ টাকা। অর্থাৎ প্রায় ৮ মাসে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ২৪.৮০ টাকা বা ২৫০ শতাংশ।

চলতি ছয় মাসে কোম্পানির লোকসানের চিত্র

এদিকে ২০২৫-২৬ অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.০৯) টাকা। কিন্তু আগের অর্থবছরের একইসময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.০৯ টাকা। অর্থাৎ আগের হিসাববছরের ছয় মাসের তুলনায় চলতি বছরের ছয় মাসে লোকসান বেড়েছে প্রায় ২০০ শতাংশ।

গত পাঁচ অর্থবছরের লভ্যাংশের চিত্র

কোম্পানিটি ২০১৯-২০ অর্থবছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল, এর পরের অর্থবছর (২০২০-২১) ৫ শতাংশ, ২০২১-২২ দিয়েছিল ২ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে দিয়েছিল ০.৫০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ০.২৫ শতাংশ এবং সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ০.৩৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২২ সালে শেয়ারবাজার তালিকাভুক্ত হওয়া ডোমিনেজ স্টীলের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা, পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ২৬ লাখ। এই শেয়ারের মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.২০ শতাংশ, প্রাতিষ্ঠানিকদের কাছে ১৫ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে ৫৪.৮৫ শতাংশ শেয়ার রয়েছে।