সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেনের স্থাবর সম্পদ জব্দ ও পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
স্থাবর সম্পদের মধ্যে সুনামগঞ্জ এলাকায় ১০০ শতকের অধিক জমি এবং অস্থাবর সম্পদের মধ্যে চারটি ব্যাংক অ্যাকাউন্টের চার কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা ও এনআরবিসি ব্যাংকের একটি অ্যাকাউন্ট রয়েছে।
আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সাবেক ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল বাতেন ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।
পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন ও তার পরিবার তাদের মালিকানাধীন সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এতে তদন্ত, মামলা দায়ের, বিচার ও অপরাধলব্ধ সম্পদ বাজেয়াপ্তের প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক ও অস্থাবর সম্পত্তিসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
