ডমিনেজ স্টিলের ৩০% শেয়ার কিনছে আকিজ

শেয়ারের মালিকানা হস্তান্তরের জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। শেয়ারবাজারে তালিকাভুক্ত লোকসানি এই কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা তাঁদের হাতে থাকা ৩০ শতাংশ শেয়ার শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সেসের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসি ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শেয়ার বিক্রির জন্য এরই মধ্যে দুই পক্ষের চুক্তিও হয়েছে। এখন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এই কার্যক্রম সম্পন্ন হবে। এ জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছে আবেদন করা হয়েছে। বিএসইসি এ বিষয়ে ডমিনেজ স্টিল কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছে। বিএসইসির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র কোম্পানিটির পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ডমিনেজ স্টিলের পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে থাকা ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার আকিজ রিসোর্সেস, প্রতিষ্ঠানটির মালিক শেখ জসিমউদ্দিন ও ফারিয়া হোসেনের কাছে বিক্রি করা হবে। শেয়ারবাজারের বাইরে এই শেয়ার হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করবে দুই পক্ষ। কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকেরা যে শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছে, তা কোম্পানিটির মোট শেয়ারের ৩০ শতাংশ। বাকি ৭০ শতাংশ শেয়ার রয়েছে শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের হাতে।

শেয়ারবাজার-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই পক্ষের চুক্তি অনুযায়ী ডমিনেজ স্টিলের বর্তমান উদ্যোক্তা-পরিচালকেরা তাঁদের হাতে থাকা প্রতিটি শেয়ার ১৩ টাকায় বিক্রি করছেন। এর মধ্যে ১০ টাকা শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) এবং ৩ টাকা প্রিমিয়াম। সেই হিসাবে কোম্পানির ৩০ শতাংশ শেয়ার কিনতে আকিজ রিসোর্সেসের বিনিয়োগ দাঁড়াচ্ছে প্রায় ৪০ কোটি টাকা। তবে শেয়ার কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিনিয়োগের পরিমাণ প্রকাশ করেনি, যদিও শেয়ারবাজার-সংশ্লিষ্ট সূত্রে বিক্রয়মূল্যের তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কোম্পানিটির ৩০ শতাংশ শেয়ার বিক্রির উদ্যোগকে কেন্দ্র করে গত ছয় মাসে ঢাকার বাজারে লোকসানি এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে; প্রতি শেয়ারের মূল্য বেড়েছে ৫২ টাকা বা প্রায় ১৮২ শতাংশ। গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারের বাজারদর দাঁড়ায় প্রায় ৮০ টাকা, যা বছরের শুরুতে গত ৪ জানুয়ারি ছিল ২৮ টাকা ৪০ পয়সা। মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এপ্রিলে পর্ষদ সভার পর জানানো হলেও, এর আগেই এক পক্ষ বিষয়টি আগাম জেনে বাজারে সক্রিয় হয়ে শেয়ারের দাম বাড়িয়ে বড় অঙ্কের মুনাফা করার চেষ্টা করে এবং প্রাথমিকভাবে তাতে সফলও হয়।

অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে ডিএসই জানিয়েছে, সংস্থাটির একটি পরিদর্শক দল সাভারের আশুলিয়া ও নরসিংদীর পলাশে কোম্পানিটির কারখানা ঘুরে দেখেছে; এতে দেখা যায়, সাভারের কারখানায় উৎপাদন কার্যক্রম চালু থাকলেও নরসিংদীর কারখানাটি বন্ধ রয়েছে। এদিকে চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ডমিনেজ স্টিল প্রায় ৭২ লাখ টাকা লোকসানের তথ্য জানিয়েছে। ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি বর্তমানে ‘বি’ শ্রেণিভুক্ত। সর্বশেষ অর্থবছরে শেয়ারধারীদের জন্য ০.৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে এবং সর্বশেষ আর্থিক তথ্য অনুযায়ী কোম্পানিটির মোট সম্পদের পরিমাণ প্রায় ১৭৪ কোটি টাকা।

ডমিনেজ স্টিলের ৩০ শতাংশ মালিকানা কিনে নেওয়ার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আকিজ রিসোর্সেসের উপপ্রধান আর্থিক কর্মকর্তা (ডেপুটি সিএফও) রায়হান কবির বলেন, ‘সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর আমরা কোম্পানিটির পরিচালনা পর্ষদের দায়িত্বভার গ্রহণ করব। এরপর পূর্ণ সক্ষমতায় কোম্পানিটির উৎপাদন চালুর পরিকল্পনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে আমাদের।’