টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল হোসেন।
নিহতদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা সবাই একই পরিবারের বলে মনে করছে পুলিশ।
ওসি সবুজেল হোসেন জানান, কালিহাতী উপজেলার ধলাডেঙ্গর এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল ফুরিয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং মরদেহগুলো উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে।
