দেশে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কার বিষয়টি দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা তুলে ধরছেন। তবে সেই ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি এখনো খুবই দুর্বল। সাম্প্রতিক সময়ে সবচেয়ে তীব্র হিসেবে শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্প অনুভূত হয়েছে, একে বিশেষজ্ঞরা ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ‘সতর্ক সংকেত’ হিসেবে দেখছেন। গতকালও তিন দফায় কেঁপেছে দেশ। আন্তর্জাতিক এক গবেষণায় বলা হয়েছে, বড় ধরনের ভূমিকম্প হলে বাংলাদেশে ৩৪৪ বিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদ ঝুঁকির মুখে পড়তে পারে। সারাদেশে ঝুঁকিপূর্ণ ভবন প্রতিস্থাপনে ব্যয় হতে পারে ৩৫৬ বিলিয়ন ডলার, যা দেশের জিডিপির ৭৭ শতাংশের সমান। বিশ্লেষকদের মতে, ঝুঁকিতে থাকা ভবন শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বড় ধরনের মানবিক বিপর্যয় এবং বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের তত্ত্বাবধানে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় ২০২৩ সালে ইতালির গ্লোবাল আর্থকোয়াক মডেলিং (জেম) ফাউন্ডেশন ‘ভূমিকম্পে দুর্বলতা এবং বাংলাদেশে পদ্ধতিগত ঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রকাশ করে। এতে বাংলাদেশ ও আশপাশের সক্রিয় ফল্ট জোনগুলো থেকে সৃষ্ট ভূমিকম্পঝুঁকির সামনে দেশের বড় ধরনের দুর্বলতা স্পষ্টভাবে উঠে এসেছে। প্রতিবেদনের অন্যতম উদ্দেশ্য ছিল জেলা ও উপজেলা পর্যায়ে একটি উন্মুক্ত ও বিস্তারিত ভূমিকম্পঝুঁকি মডেল তৈরি করা এবং বর্তমান ঝুঁকি নিরূপণ করা। এতে বলা হয়, দেশের অধিকাংশ ভবনের নকশা ও নির্মাণে ভূমিকম্প-সহনশীলতার ঘাটতি, অপ্রকৌশলগত কাঠামোর আধিক্য, বিল্ডিং কোডের অনুপালন এবং বদ্বীপ এলাকায় তরলীকরণযোগ্য মাটির উপস্থিতি—সব মিলিয়ে ভূমিকম্পঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে।
জেম ফাউন্ডেশনের প্রতিবেদনে বাংলাদেশের ভূমিকম্পঝুঁকি মূল্যায়নে গ্লোবাল অর্থকোয়াক মডেলের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে সম্পদের ঝুঁকি, ভূমিকম্পের বিপদ এবং দুর্বলতা—এই তিন দিক বিশ্লেষণ করা হয়েছে। সম্পদের ঝুঁকি নির্ধারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সম্পদের অবস্থান ও মূল্য বিবেচনায় নেওয়া হয়। সাতটি অঞ্চলে মোট ভবনের সংখ্যা ধরা হয়েছে প্রায় ২ কোটি ৯০ লাখ। এই ভবনগুলোর মধ্যে ভূমিকম্পঝুঁকিতে থাকা সম্পদের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৪ বিলিয়ন ডলার, যা ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপির ৭৪ শতাংশ। এসব সম্পদ ক্ষতি থেকে রক্ষা করতে প্রতিস্থাপন ব্যয় ধরা হয়েছে ৩৫৬ বিলিয়ন বা ৩৫ হাজার ৬০০ কোটি ডলার।সবচেয়ে বেশি সম্পদ ও প্রতিস্থাপন ব্যয় প্রয়োজন হবে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকার ৯০ লাখ ভবন প্রতিস্থাপনে ব্যয় অনুমান করা হয়েছে ১৪৯ বিলিয়ন ডলার (১৪ হাজার ৯০০ কোটি ডলার) এবং চট্টগ্রামের ৫০ লাখ ভবন প্রতিস্থাপনে ব্যয় দাঁড়াবে ৬২ বিলিয়ন ডলার (৬ হাজার ২০০ কোটি ডলার)। রাজশাহীর ৪০ লাখ ভবন প্রতিস্থাপনে প্রয়োজন হবে ৪২ বিলিয়ন ডলার, খুলনার ৩০ লাখ ভবনে ৩৪ বিলিয়ন ডলার, রংপুরের ৪০ লাখ ভবনে ৩৪ বিলিয়ন ডলার এবং বরিশাল ও সিলেটের ২০ লাখ করে ভবন প্রতিস্থাপনে ব্যয় হবে ১৭ বিলিয়ন ডলার করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংখ্যায় কম হলেও কংক্রিটের ভবনগুলোর প্রতিস্থাপনে সবচেয়ে বেশি—মোট ব্যয়ের ২৮ শতাংশ—খরচ হবে।
বাংলাদেশের বিভিন্ন এলাকায় কী তীব্রতায় এবং কত ঘন ঘন ভূমিকম্পের ঝাঁকুনি হতে পারে সেটি বিশ্লেষণ করে প্রতিবেদনে বিপদের মাত্রা মূল্যায়ন করা হয়েছে। এতে দেখা যায়, সর্বোচ্চ সিসমিক বিপদের মাত্রা দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বিশেষ করে সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি কেন্দ্রীভূত। জেম ফাউন্ডেশনের গবেষণা মতে, ঢাকা অঞ্চলে থাকা ঝুঁকিপূর্ণ সম্পদের মূল্য ৬৯ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে ১৬৭ দশমিক ৯ বিলিয়ন ডলার। চট্টগ্রাম অঞ্চলের ঝুঁকিপূর্ণ সম্পদের মূল্য ৪৭ দশমিক ৮ বিলিয়ন থেকে ৬৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। রাজশাহীতে ৩৯ দশমিক ১ বিলিয়ন থেকে ৪৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। রংপুর ও খুলনা অঞ্চলে ১৯ দশমিক ৪ বিলিয়ন থেকে ৩৯ দশমিক ১ বিলিয়ন ডলার। সিলেট ও বরিশাল অঞ্চলের সম্পদের মূল্য ১৮ দশমিক ৯ বিলিয়ন থেকে ১৯ দশমিক ৪ বিলিয়ন ডলার।
গবেষণা প্রতিবেদনটি তৈরিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ও আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগ, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সেন্টার ফর আরবান স্টাডিজ, ইউএনডিপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিনিধিদের নিয়ে একটি কারিগরি প্যানেল গঠন করা হয়েছিল। এ কারিগরি প্যানেলের অন্যতম দুই সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী।
গবেষণা প্রতিবেদনের ফলাফলকে যথাযথ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দুর্যোগ ব্যবস্থাপনা অনুবিভাগ এবং আরএম ও পিআর ইউনিট) কেএম আবদুল ওয়াদুদ। তিনি বলেন, ‘ভূমিকম্পের ক্ষেত্রে কোনো পূর্বাভাস নেই। তাই এক্ষেত্রে প্রস্তুতিটাই বড় বিষয়। মূল কাজ হলো বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ। রানা প্লাজা ধসের পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট এলাকার বিল্ডিংগুলো ঝুঁকি অনুযায়ী কালার কোড করার প্রস্তাব করেছেন বিশেষজ্ঞরা। তারা ভবনগুলো চিহ্নিত করেছেন এবং যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো লাল রঙ, যেগুলো কম ঝুঁকিপূর্ণ সেগুলো হলুদ রঙ এবং যেগুলো বিল্ডিং কোড মেনে বানানো হয়েছে সেগুলো সবুজ রঙ করার সুপারিশ করেছেন। পরবর্তী সময়ে সে তালিকাটি আর প্রকাশ করা হয়নি। আমি মনে করি, এ তালিকা এখন প্রকাশ করা প্রয়োজন। এতে মানুষের সচেতনতা বাড়বে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো রেট্রোফিটিং করে মেরামত করতেই হবে। পাশাপাশি রাজউকের রেগুলেটরি কাজে যেন কোনো ছাড় দেয়া না হয়। আমরা এ বিষয়ে উদ্যোগ নেয়ার জন্য রাজউককে বলব।’
ভূমিকম্পে সম্ভাব্য আর্থিক ক্ষতি কমাতে দুর্বল ভবনে রেট্রোফিটিং প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাভারের রানা প্লাজা ধসের পর দেশজুড়ে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করতে ব্যাপক জরিপ করা হয়েছিল। এসব ভবন ভেঙে না ফেলে কাঠামোগত শক্তিবৃদ্ধির এই পদ্ধতিই হলো রেট্রোফিটিং, যা সঠিকভাবে প্রয়োগ করা গেলে ভবনের স্থায়িত্ব ৫০ বছর বা তারও বেশি বাড়ানো সম্ভব। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ‘আমরা মডেলিংয়ের মাধ্যমে দেশের সাতটি অঞ্চলের ভবনের একটি প্রাথমিক পূর্বাভাস দিয়েছিলাম। তবে সঠিক চিত্র পেতে হলে প্রতিটি ভবনের নমুনা আলাদাভাবে পরীক্ষা করা জরুরি।’ তিনি আরও বলেন, ‘বিশেষ করে ঢাকার ভবনগুলো দ্রুত পরীক্ষা করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের আলাদা ব্যয়ও হবে না—রাজউক শুধু ঘোষণা দেবে যে যেসব ভবনে ত্রুটি রয়েছে তারা রেট্রোফিটিং করিয়ে সার্টিফিকেট জমা দেবে, না হলে ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে সবাই বাধ্য হয়েই এটি সম্পন্ন করবে।’
শুক্রবারের ভূমিকম্পে ঢাকার বিভিন্ন জায়গায় ভবনে ফাটল ধরার প্রসঙ্গ টেনে এ বিশেষজ্ঞ বলেন, ‘এমন ক্ষয়ক্ষতি হবেই।’ একটি বড় ভবন ধসে পড়লে কতটা ক্ষতি হতে পারে, তা বোঝাতে গিয়ে ২০১৩ সালে রানা প্লাজা ধসের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেন অধ্যাপক আনসারী। সেজন্য সরকারের এখনই বিভিন্ন পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। বিশেষজ্ঞরা মনে করেন, শুক্রবার রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরের যত স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, ভবন ডেবে গেছে, ফাটল হয়েছে তার তুলনায় ৭ মাত্রার হলে ক্ষয়ক্ষতি অনেক গুণ বেড়ে যাবে। অনেক ভবন ভেঙে পড়া, বহু মানুষ হতাহত হওয়ার ঝুঁকি থাকবে। ঢাকার ১০০ কিলোমিটারের মধ্যে এমন ভূমিকম্প হলে দুই-তিন লাখ মানুষ হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে, ভেঙে পড়তে পারে ঢাকা শহরের ৩৫ শতাংশ ভবন। দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অনেক। রেট্রোফিটিং পদ্ধতিতে এসব ভবনকে ভূমিকম্প সহনীয় করা বেশ ব্যয়সাধ্য। ব্যক্তি পর্যায়ে এত ব্যয় বহন করার সক্ষমতা বেশির ভাগ ভবন মালিকের নেই। তবে সরকারি এবং বড় ইন্ডাস্ট্রিয়াল ভবনগুলো রেট্রোফিটিং পদ্ধতিতে প্রতিস্থাপন করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ হুমায়ূন আখতার বলেন, ‘ভূমিকম্প হলে কীভাবে উদ্ধার করা হবে, এতে কত টাকা ব্যয় হবে, কী প্রযুক্তিতে উদ্ধার করা হবে এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা বেশি। ভবন প্রতিস্থাপন করা কিংবা ভেঙে ফেলার মতো বিষয় শুধু তত্ত্বকথা। মনে করুন একজনের পৈতৃক ভিটা পরীক্ষা-নিরীক্ষা করে বলা হলো এটা ঝুঁকিপূর্ণ। এখন সে কি এ ভবন ভেঙে ফেলবে? নতুন ভবন করার টাকা তার কাছে নাও থাকতে পারে। হ্যাঁ, যার সক্ষমতা আছে সে নতুন বিল্ডিং বানাতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এ রকম মানুষ কতজন আছে?’ তুলনামূলক কম ব্যয় বা ব্যয় না করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন সবার হাতে স্মার্টফোন আছে। একটা আকর্ষণীয় গেমের মাধ্যমে করণীয় বিষয়ে মানুষকে সচেতন করা যায়। তাই আমি বলব, সরকারকে সবার আগে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম হাতে নিতে হবে।’
