দিনাজপুরের হিলি স্থলবন্দরেও জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে। দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনে এখন বাড়তি ভাড়া দিতে হচ্ছে। রুট অনুযায়ী ভাড়া ৫-৬ হাজার টাকা পর্যন্ত বেড়েছে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট রুটে। ভাড়া বৃদ্ধি থাকায় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, পণ্যের খুচরা মূল্যও বাড়তে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম রুটে ১৫ টন পণ্য পরিবহনে আগে গুনতে হতো ২৫ হাজার টাকা ভাড়া। এখন সেখানে গুনতে হচ্ছে ৩০-৩১ হাজার টাকা পর্যন্ত। ঢাকা রুটে ১৭ হাজার টাকার ভাড়া গুনতে হচ্ছে ২১ হাজার টাকারও বেশি। এতে চরম বিপাকে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা।
ট্রাকভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন চালক আবুল কালাম। তিনি বলেন, ‘কয়েক দিনের ব্যবধানে ট্রাক ভাড়া বেড়েছে ৫-৬ হাজার টাকা। এ অবস্থা চলতে থাকলে আমাদের ব্যবসা পথে বসবে।’ ট্রাকভাড়া বাড়ায় ক্ষোভ প্রকাশ করেন চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ী আব্দুস সুবহান। তিনি বলেন, ‘আসলে দেশে তেলের (ডিজেলের) তেমন সমস্যা নেই। পর্যাপ্ত তেল নিয়েই ট্রাকগুলো চলাচল করছে। তেল সংকটের অজুহাতে ট্রাকের ভাড়া বাড়িয়েছেন মালিকপক্ষ। এখানে আমরা সাধারণ ব্যবসায়ীরা নিরূপায়।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ট্রাক মালিক সমিতির একজন নেতা বলেন, ‘ভাই, দেশে পেট্রোল-অকটেনের কিছুটা সমস্যা রয়েছে। কিন্তু ডিজেলের তেমন সমস্যা নেই। তারপরও নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ার প্রভাব ভাড়াতে পড়তে শুরু করেছে।’
