জুলাইয়ে রাজস্ব আদায়ে ২৪ % প্রবৃদ্ধি

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা কম হয়েছে। প্রাথমিক হিসাবে দেখা গেছে, জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ২৪৭ কোটি টাকা। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। তবে নির্ধারিত মাসিক লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা। বুধবার (২০ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় তিন হাজার কোটি টাকা কম হয়েছে।

জুলাই মাসে রাজস্ব আয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে স্থানীয় পর্যায়ের সম্পূরক শুল্ক থেকে, যা আগের বছরের তুলনায় প্রায় দেড়গুণ বৃদ্ধি পেয়েছে। তবে ভ্রমণ কর ও টার্নওভার কর থেকে কোনো ধরনের রাজস্ব আদায় হয়নি। কাস্টমস শাখা থেকে আদায় হয়েছে ৯ হাজার ৬০১ কোটি টাকা, ভ্যাট শাখা থেকে ১১ হাজার ৩৫২ কোটি টাকা এবং আয়কর শাখা থেকে সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২৯৪ কোটি টাকা।

গত অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। চলতি অর্থবছরের একই সময়ে আদায় বেড়ে দাঁড়িয়েছে ২৪.৩২ শতাংশ বেশি। তবে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি রয়ে গেছে প্রায় ২ হাজার ৮৬৪ কোটি টাকা। এনবিআর কর্মকর্তাদের মতে, আমদানি শুল্ক ও ভ্যাট আহরণে ধীরগতি থাকলেও স্থানীয় পর্যায়ের ভ্যাট ও সম্পূরক শুল্কের প্রবৃদ্ধি সামগ্রিক রাজস্ব আদায়কে এগিয়ে নিয়েছে। তাদের মতে, অর্থনীতির চাপ, শুল্কনীতির পরিবর্তন ও ভোগ কমে যাওয়ার প্রভাব জুলাই মাসের রাজস্ব আদায়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

** এনবিআর আন্দোলনে জুনে রাজস্ব আদায়ে বড় ধস