জুলাইয়ে রপ্তানি আয় ৪.৭৮ বিলিয়ন ডলার

নতুন অর্থবছর ২০২৫-২৬-এর শুরুর মাস জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৮ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

সোমবার (৪ আগস্ট) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে বাংলাদেশ ৪.৭৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ে (২০২৪-২৫ অর্থবছরের জুলাই) ৩.৮২ বিলিয়ন ডলারের তুলনায় ২৪.৯০ শতাংশ বেশি। এর আগের অর্থবছরে সার্বিক রপ্তানিতে ৮.৫৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও শেষ মাস জুনে তা ৭.৫৫ শতাংশ কমে গিয়েছিল।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ মোট ৪৮.২৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থবছর ২০২৩-২৪ এর ৪৪.৪৭ বিলিয়নের তুলনায় বেশি।

রপ্তানিকারকরা জানান, জুন মাসে রপ্তানিতে মন্দা দেখা দেয় মূলত বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার কমে যাওয়া, যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা, দেশের গ্যাস সংকট এবং ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির কারণে।