দেশের বাজারে পণ্যের দাম বাড়তে থাকলেও কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া জুন মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ।
বিবিএসের মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে জানা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। জুন মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৭১ শতাংশ থেকে সামান্য কমে জুনে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে।
তবে চলতি বছরের পরিস্থিতি গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা ভিন্ন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুনে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ, যা ২০২৬ সালের জুনে বেড়ে ৯ দশমিক ১৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতিতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের জুনে যা ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ, তা এক বছর পর ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও ৯ দশমিক ৩৭ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৬১ শতাংশে উন্নীত হয়েছে।
এদিকে, ১২ মাসের চলন্ত গড় মূল্যস্ফীতির ক্ষেত্রে উন্নতির চিত্র দেখা গেছে। বিবিএসের হিসাব অনুযায়ী, জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ১২ মাসের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ। এর আগের বছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) এই গড় হার ছিল ১০ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ বার্ষিক গড় মূল্যস্ফীতি আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।
