শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩১টি কোম্পানি নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে পারেনি। এ অবস্থায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসব প্রতিষ্ঠানকে আগামী ৩০ জুন পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
রবিবার (৩ মে) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত ২৯ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোর সচিবদের এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট গভর্নেন্স কোড, ২০১৮ অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক। এ লক্ষ্যে ব্যবসায়ী, করপোরেট লিডার, পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি চাকরিজীবী (অবসরপ্রাপ্ত বা কর্মরত) এবং আইনজীবীদের মধ্য থেকে যোগ্য নারীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ এপ্রিল গেজেট প্রকাশের মাধ্যমে সংশোধিত করপোরেট গভর্নেন্স কোড অনুযায়ী একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাধ্যতামূলক করা হয় এবং এজন্য এক বছরের সময়সীমা নির্ধারণ করা হয়। পরবর্তীকালে এই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক কমিশনে দাখিলকৃত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৬৩টি তালিকাভুক্ত কোম্পানি তাদের পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করেছে। তবে এখনও ১৩১টি কোম্পানি এই শর্ত পূরণ করতে পারেনি।
বিএসইসি বলছে, শেয়ারবাজারে করপোরেট সুশাসন জোরদার এবং পরিচালনা পর্ষদে লিঙ্গ বৈচিত্র্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সংস্থাটি স্পষ্ট করেছে।
