শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিক ঊর্ধ্বগতি লক্ষ্য করায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলসের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়, কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের প্রবণতা দেখা যায়। এ পরিস্থিতিতে মঙ্গলবার (৭ জুলাই) সকালে দিনের বাকি সময়ের জন্য শেয়ারটির লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে জিল বাংলা সুগারের শেয়ারের এই উত্থান কোম্পানিটির আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম কিংবা মৌলভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ডিএসইর তথ্য অনুযায়ী, গত এক মাসে শেয়ারটির দর দ্রুত বেড়েছে। এরমধ্যে ১৮ জুন শেয়ারের দাম ছিল ১২২ দশমিক ১০ টাকা, যা ২ জুলাই বেড়ে দাঁড়ায় ১৬০ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ মাত্র ৯ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৩৮ দশমিক ৪০ টাকা বা ৩১ দশমিক ৪৪ শতাংশের বেশি।
এ ধরনের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রেক্ষিতে নিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে উভয় স্টক এক্সচেঞ্জ শেয়ারটির লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এর আগে গত ২ জুলাই ডিএসই কোম্পানিটির কাছে দর ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দেয়। জবাবে কোম্পানিটি জানায়, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যা শেয়ারের দাম বা লেনদেনে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি।
স্টক এক্সচেঞ্জ সূত্র আরও জানিয়েছে, শেয়ারটির দরবৃদ্ধির সঙ্গে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতির কোনো সুস্পষ্ট সম্পর্ক পাওয়া যাচ্ছে না। ফলে এ দরবৃদ্ধির পেছনে গোপন তথ্য, সমন্বিত লেনদেন বা বাজার কারসাজির সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কোম্পানির কাছে প্রয়োজনীয় নথিপত্র ও অতিরিক্ত তথ্যও চাওয়া হয়েছে।
