জিপিএইচ ইস্পাতের জালিয়াতি, ৫ কোটি টাকা জরিমানা

তথ্য গোপন করে রিট

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছে হাইকোর্ট এবং এক মাসের মধ্যে ওই অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে। আদালত আরও জানিয়েছে, এই জরিমানার অর্থ জুলাই গণ-আন্দোলনে আহতদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করতে হবে; বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, একই বিষয়ে জিপিএইচ ইস্পাত এর আগে হাইকোর্টে একটি রিট দায়ের করে আদেশ পেয়েছিল। পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করেন। ফলে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন ছিল।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংশ্লিষ্ট কোম্পানি একই বিষয়ে আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও, সেই আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও তারা নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা চাইতে গিয়ে আগের রিট, আপিল বিভাগের স্থগিতাদেশ ও চলমান কার্যক্রমের তথ্য গোপন করেন। তিনি বলেন, আদালতের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ নেয়ার চেষ্টা বিচারপ্রক্রিয়ার সঙ্গে প্রতারণার শামিল। বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনে। পরে রিটকারী প্রতিষ্ঠানের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাদের দাবি, আগের মামলার তথ্য তাদের জানানো হয়নি।

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায় রাষ্ট্রপক্ষ, যা গ্রহণ করে হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে এক মাসের মধ্যে ৫ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে নির্দেশ দেয়। আদালত আরও নির্দেশ দেয়, এই অর্থ জুলাই গণ-আন্দোলনে আহতদের চিকিৎসা ও কল্যাণে ব্যয় করতে হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, এই আদেশ বিচারব্যবস্থার প্রতি অসততা, তথ্য গোপন এবং আদালতকে বিভ্রান্ত করার প্রচেষ্টার বিরুদ্ধে একটি কঠোর বার্তা, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় আদালতের দৃঢ় অবস্থানকে তুলে ধরে।

** জিপিএইচ ইস্পাতের হাতে অবরুদ্ধ ত্রিপুরা জনগোষ্ঠী
** জিপিএইচ ইস্পাতের খাল দখলের সত্যতা পেল ‘বেলা’
** জিপিএইচ ইস্পাতের অত্যাচারে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা
** জিপিএইচ ইস্পাতে মুনাফায় বড় পতন
** জিপিএইচ ইস্পাতের মুনাফা কমে লোকসানে
** জিপিএইচ ইস্পাতের মাথায় ‍ঋণের বোঝা
** জিপিএইচের বিরুদ্ধে মুখ খুললেই মিথ্যা মামলার খড়গ
** আলমাস শিমুলের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই