জাফর পরিবারের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, তাঁর স্ত্রী নীলুফার জাফর উল্যাহ, দুই ছেলে কাজী ওমর ফারুক ও কাজী রায়হান জাফর এবং মেয়ে আনুস্কা মেহরীন জাফরের আয়কর নথির কপি সিআইডিকে সরবরাহ করতে কর বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

সিআইডির আবেদনের ওপর আজ শুনানি শেষে ঢাকার কর অঞ্চল-৮-কে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে কাজী জাফর উল্যাহ এবং তাঁর স্ত্রী-সন্তানদের আয়কর নথি বিবরণীর কপি সরবরাহ চেয়ে আবেদন করেন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইমের এসআই দীপ্তা রায়।

আবেদনে বলা হয়, কাজী জাফর উল্লাহ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতারণা, জাল-জালিয়াতি ও চাঁদাবাজির মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ সংঘটন করে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া জাফর উল্লাহ এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড, যুক্তরাজ্য, দুবাইসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্তের ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আয়কর নথি এবং সংশ্লিষ্ট সব কাগজপত্র সংগ্রহ করা একান্ত প্রয়োজন বলে আদালত উল্লেখ করেছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে জাফর উল্যাহকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন থানার একটি মামলায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।