জাতীয় জরুরি পরিস্থিতি ছাড়া স্বাস্থ্যসেবা খাতের সব প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। জানানো হয়েছে, বদলি–পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ/বিশেষায়িত ইনস্টিটিউট/মেডিকেল কলেজ হাসপাতাল/জেলা ও উপজেলা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, জুনিয়র কনসালটেন্ট এবং বিভিন্ন প্রশাসনিক পদসমূহে কর্মরত চিকিৎসকরা প্রায়শই উচ্চতর পদে চলতি দায়িত্ব ও পছন্দের প্রতিষ্ঠানে বদলি/পদায়নের নিমিত্ত বিচ্ছিন্নভাবে আবেদন দাখিল করছেন। বিভিন্ন পদ ও বিষয়ে চিকিৎসকগণের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব বদলি/পদায়নের আবেদন নিষ্পত্তি করা সম্ভবপর হচ্ছে না।
এ ছাড়া খুব শিগগিরই পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের বদলি–পদায়ন অটোমেশন পদ্ধতিতে করার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে তাঁদের পছন্দ, বিসিএস ও মেধাক্রমসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় রাখা হবে। এসব প্রস্তুতিমূলক কার্যক্রমের কারণে, জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে বদলি–পদায়ন আপাতত স্থগিত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায়, বদলি/পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি এ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতিতে বদলি/পদায়ন কার্যক্রম শুরু না করা পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি/পদায়ন কার্যক্রম বন্ধ থাকবে।

