ছোলা-খেজুরসহ ৬ পণ্যে এলসি খোলা বেড়েছে

পবিত্র রমজান মাসকে সামনে রেখে ছোলা, খেজুর, মটর ডাল, চিনিসহ ছয় ধরনের প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার হার বৃদ্ধি পেয়েছে। রমজানকালীন বাড়তি চাহিদা বিবেচনায় ব্যবসায়ীরা আগাম এলসি খুলছেন। তবে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে এলসি খোলা কমে গেছে। এর মধ্যে পেঁয়াজের নতুন মৌসুম আসছে বলে এ পণ্যটির এলসি কমেছে, পাশাপাশি পেঁয়াজ আমদানিতে সরকারের অনুমোদনও নেই।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কোনো কোনো পণ্যের ঋণপত্র খোলার হার ১১ থেকে ২৯৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। ঋণপত্র খোলার পর পণ্য আসতে তিন মাস পর্যন্ত সময় লাগে। সে অনুযায়ী ফেব্রুয়ারির আগেই এসব পণ্য দেশে চলে আসার কথা। চলতি মাসে ভোগ্যপণ্য আমদানিতে আরও বেশি পরিমাণে ঋণপত্র খোলা হচ্ছে বলে জানান ব্যাংকাররা।

শীর্ষস্থানীয় ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘দেশে এখন ডলারের কোনো সংকট নেই। ভোগ্যপণ্য আমদানিকারকেরা চাহিদামতো ঋণপত্র খুলতে পারছেন। এ ছাড়া ঘোষিত দামেই ডলার পাচ্ছেন সবাই। এতে ঋণপত্র খোলা বেড়েছে। আশা করা যায়, আমদানি হয় এমন সব পণ্যের কোনো ঘাটতি হবে না।’

দেখা গেছে, আলোচ্য সময়ে খেজুর আমদানিতে ঋণপত্র খোলার হার ২৩১ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ৩ হাজার ৬৩ মেট্রিক টন খেজুর আমদানির ঋণপত্র খোলা হয়েছিল। চলতি বছরের একই সময়ে ১০ হাজার ১৬৫ মেট্রিক টন খেজুর আমদানির এলসি খোলা হয়েছে। মটর ডালের জন্য ঋণপত্র খোলার হার ২৯৪ শতাংশ বেড়েছে, যা আমদানি হওয়া ৯টি পণ্যের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে ৪১ হাজার ৮১৫ মেট্রিক টন থেকে বেড়ে চলতি বছরের একই সময়ে বেড়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮১০ মেট্রিক টন।

গত সেপ্টেম্বর-অক্টোবর সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ভোজ্যতেল সয়াবিনের আমদানির ঋণপত্র (এলসি) খোলায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। এ সময় সয়াবিনের জন্য এলসি খোলা হয়েছে ৪ লাখ ৯৪ হাজার ৮৬৫ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের ৩ লাখ ৬১ হাজার ৫৬৪ মেট্রিক টনের তুলনায় ৩৬ শতাংশ বেশি। একই সময়ে ছোলা আমদানির ঋণপত্র খোলায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত বছর ছিল ৪২ হাজার ৮৯১ মেট্রিক টন, এবার তা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫১৬ মেট্রিক টনে। মটর ডাল বাদে অন্যান্য ডাল আমদানিতে এলসি খোলা বেড়েছে ৮৭ শতাংশ। গত সেপ্টেম্বর-অক্টোবরে ডালের এলসি ২৬ হাজার ৯১২ মেট্রিক টন থেকে বেড়ে হয়েছে ৫০ হাজার ৩৫৫ মেট্রিক টন। এ ছাড়া একই সময়ে চিনি আমদানির জন্য ২ লাখ ৯২ হাজার ৫৭২ মেট্রিক টনের এলসি খোলা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।

পেঁয়াজ আমদানির জন্য ঋণপত্র খোলার হার প্রায় ৯৯ শতাংশ কমেছে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ১ লাখ ২৮ হাজার ৩৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানির এলসি খোলা হয়েছিল, যা কমে এবার মাত্র ২০৩ মেট্রিক টনে নেমে এসেছে। এ ছাড়া রসুনের ঋণপত্র খোলার হার গত বছরের তুলনায় ৮৯ শতাংশ কমে ৪ হাজার ৬১৪ মেট্রিক টনে নেমেছে। গত সেপ্টেম্বর–অক্টোবরে ১৪ হাজার ৭৬৭ মেট্রিক টন আদা আমদানির ঋণপত্র খোলা হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে দেশে সার্বিকভাবে ঋণপত্র খোলায় প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ১৮ শতাংশ। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। খাদ্যপণ্যের পাশাপাশি মূলধনি যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানিতে ঋণপত্র খোলার হার উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

এদিকে ঋণপত্র খোলা বাড়লেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দিন দিন কমছে। গত সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে হয়েছে ৬ দশমিক ২৯ শতাংশ, যা আগস্টে ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ। গত বছরের আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৮৬ শতাংশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সমর্থিত অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে নেন। এ ছাড়া পরিচালনা পর্ষদ বদলে দেওয়া ১৫টি ব্যাংক তাদের ঋণ কার্যক্রমও কমিয়ে দিয়েছে

** বাকিতে রোজার পণ্য আমদানির সুযোগ
** রোজার আগে খেজুরের শুল্ক কমানোর সুপারিশ
** রমজানে অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানির নির্দেশ