চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি ২.৬৩ শতাংশ কমেছে। এ সময়ে মোট রপ্তানি হয়েছে ১ হাজার ৯৩৬ কোটি ৫৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ১ হাজার ৯৮৮ কোটি ৭৭ লাখ ডলার ছিল। রোববার (৪ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৪৮ কোটি ৮১ লাখ ডলারের নিট পোশাক (নিটওয়্যার) রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ে তুলনায় ৩.২২ শতাংশ কম। ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে নিট পোশাক রপ্তানি ছিল ১ হাজার ৮৩ কোটি ৭৪ লাখ ডলার। তাছাড়া, চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৮৮৭ কোটি ৭৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৯০৫ কোটি ৩ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে ছয় মাসে ওভেন পোশাকের রপ্তানি ১.৯১ শতাংশ কমেছে।
সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে বাংলাদেশ মোট ৩২৩ কোটি ৪১ লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে। এটি আগের বছরের একই মাসের ৩৭৭ কোটি ৫ লাখ ডলারের তুলনায় ১৪.২৩ শতাংশ কম। ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিট পোশাক রপ্তানি হয়েছে ১৬৩ কোটি ১৮ লাখ ডলার এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৬০ কোটি ২৪ লাখ ডলার। তুলনামূলকভাবে, আগের বছরের ডিসেম্বর মাসে নিট পোশাক রপ্তানি হয়েছিল ১৮৯ কোটি ১৮ লাখ ডলার এবং ওভেন পোশাক রপ্তানি হয়েছিল ১৮৭ কোটি ৮৭ লাখ ডলার।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মন্দা, উচ্চ মূল্যস্ফীতি, দেশে রাজনৈতিক সরকার না থাকা এবং মার্কিন শুল্ক আরোপের কারণে পোশাক রপ্তানিতে কিছুটা হ্রাস দেখা দিয়েছে। বৈশ্বিক মন্দার ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, তাই বায়াররা অর্ডার কমিয়েছে। তাছাড়া, মার্কিন শুল্কনীতির কারণে ভারত ও চীনের ব্যবসায়ীরা ইউরোপের বাজারে বেশি মনোযোগ দিচ্ছে এবং কম দামে পোশাক সরবরাহ করছে। এর ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে। পাশাপাশি, দেশের সার্বিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক ক্রেতারা নতুন রপ্তানি অর্ডার দিতে দ্বিধাগ্রস্ত হচ্ছেন। সব মিলিয়ে সার্বিকভাবে পোশাক রপ্তানি কমেছে।
অর্থবছরের প্রথম ছয় মাসের রপ্তানি কমলেও একক বছর হিসেবে ২০২৫ সালে পোশাক রপ্তানি সামান্য বেড়েছ। মূলত, বছরের প্রথম ছয় মাসের রপ্তানি প্রবৃদ্ধিতে ভর করে পুরো বছরটিতে সামান্য প্রবৃদ্ধি এসেছে। ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে মোট ৩ হাজার ৮৮২ কোটি ৪৭ লাখ ডলারের। ২০২৪ সালে মোট পোশাক রপ্তানি হয়েছিল ৩ হাজার ৮৪৮ কোটি ২১ লাখ ডলারের। অর্থাৎ সদ্য সমাপ্ত ২০২৫ সালে পোশাক রপ্তানি বেড়েছে ৩৪ কোটি ২৬ লাখ ডলার বা শূন্য দশমিক ৮৯ শতাংশ।

