চালের মূল্য ‘রেড জোনে’

দেশে চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। ধানের বাম্পার ফলন এবং ভালো সরবরাহ ব্যবস্থার মধ্যেও দাম কমার বদলে বাড়ছেই। সারসহ কৃষি উপকরণের দামও কমেছে, আন্তর্জাতিক বাজারে চালের দামও নেমেছে। এর পরও বাজারে চালের দাম দ্রুত বাড়ছে। বিভিন্ন অঞ্চল থেকে বন্যা ও টানা বর্ষণকে অজুহাত দেখানো হলেও, তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দাম কমার কথা কিন্তু না কমে উল্টো চালের দাম এখন ‘রেড জোনে’ পৌঁছেছে। চলতি বছরের প্রতি মাসে গড়ে দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। গত ১২ মাসের হিসাব অনুযায়ী, ৯ মাসে দাম ১০ শতাংশের বেশি বেড়েছে, বাকি ৩ মাসে বৃদ্ধি ছিল ১০ শতাংশের কম।

চালের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় ভোক্তাদের খরচ বেড়েছে। দেশের স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের প্রধান খাদ্য চাল, যার কারণে তাদের মোট জীবনযাত্রার খরচের ৪৪.২০ শতাংশ খাদ্যের ওপর চলে যায়। এর মধ্যে ১০.৮০ শতাংশ খরচ হয় শুধু চালের জন্য। একক পণ্য হিসেবে চালই ভোক্তার সবচেয়ে বড় ব্যয়ের কারণ। তাই চালের দাম বাড়লে জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বিভিন্ন বাজার থেকে নিত্যপণ্যের দামের তথ্য সংগ্রহ করে মূল্যস্ফীতির হার নির্ধারণ করে। এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব পদ্ধতিতে মূল্যস্ফীতির চাপের একটি নকশা তৈরি করেছে। সেখানে কোনো পণ্যের দাম যদি কোনো মাসে গড়ে ১০ শতাংশের বেশি বাড়ে, তবে তা লাল তালিকা বা ‘রেড জোনে’ রাখা হয়। ৮ থেকে ১০ শতাংশ বৃদ্ধিকে হালকা লাল, ৬ থেকে ৮ শতাংশ বৃদ্ধিকে লাল–সবুজ মিশ্রণ অঞ্চল, ৪ থেকে ৬ শতাংশ বৃদ্ধিকে সবুজাভাব অঞ্চল, ২ থেকে ৪ শতাংশ বৃদ্ধিকে হালকা সবুজ এবং শূন্য থেকে ২ শতাংশ বৃদ্ধিকে সবুজ রঙে চিহ্নিত করা হয়। আর কোনো পণ্যের দাম কমলে তাকে গাঢ় সবুজ রঙের মধ্যে ফেলা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত বছরের অক্টোবর, ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা পাঁচ মাস চালের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। ফলে এ সময় চাল ছিল লাল তালিকায়। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে দাম বেড়েছে সবচেয়ে বেশি, ১৪ দশমিক ৭ শতাংশ। ফেব্রুয়ারিতে ১৩ দশমিক ৫ শতাংশ, মার্চে ১২ দশমিক ৬ শতাংশ, গত বছরের ডিসেম্বরে ১১ দশমিক ৮ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৬ শতাংশ। শুধু গত বছরের নভেম্বরে দাম বাড়ার হার কিছুটা কমে দাঁড়ায় ৯ দশমিক ৮ শতাংশে। আরও দেখা গেছে, পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত বছরের জুলাইয়ে চালের দাম বেড়েছিল ১ দশমিক ৩ শতাংশ। জুনে কমেছিল দশমিক ৮ শতাংশ। মে মাসে বেড়েছিল দশমিক ৫ শতাংশ। গত বছরের এপ্রিলে চালের দাম কমেছিল ৩ দশমিক ৮ শতাংশ। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, চালের ভরা মৌসুমেও দাম বেড়েছে। বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণেই দাম বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ কারণে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করা হয়েছে।

টিসিবির দৈনিক বাজারদরের তথ্য অনুযায়ী, মাঝারি মানের চালের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম গড়ে দেখা গেছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা চার মাস চালের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। যদিও গত বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে তিন দফা অপ্রত্যাশিত বন্যা ও রাজনৈতিক অস্থিরতায় উৎপাদনে কিছুটা প্রভাব পড়ে, তবে সামগ্রিকভাবে আগের বছরের তুলনায় কৃষি উৎপাদন বেড়েছে। ধান, গম, ভুট্টা, আলু ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে বোরো ধানে হয়েছে বাম্পার ফলন। আমন ধানের উৎপাদন দাঁড়িয়েছে ১ কোটি ৭২ লাখ টনে। তবে আউশ ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় ৬ শতাংশ কমেছে—৩৮ লাখ টনের বিপরীতে উৎপাদন হয়েছে ২৮ লাখ টন।

এদিকে আন্তর্জাতিক বাজারে চালের দাম কমছে। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকে প্রতি টন চালের দাম ছিল ৬০০ ডলারের বেশি। মার্চ প্রান্তিকে তা আরও বেড়ে ৬৩২ ডলার ছাড়িয়ে যায়। এরপর থেকে কমতে থাকে। জুন প্রান্তিকে ৬১৭ ডলারে নেমে আসে। গত মার্চ প্রান্তিকে তা আরও কমে ৪৪৭ ডলারে নেমে যায়। জুন প্রান্তিকে আরও কমে ৪৪৫ ডলারে নামে। তারপরও দেশে চালের দাম বাড়ছে।

** চালের দাম বাড়ায় বেড়েছে শস্য আমদানি
** বেনাপোল দিয়ে ৩১৫ টন চাল আমদানি
** শুল্ক জটিলতা নিরসন, হিলিতে চাল খালাসে বাঁধা কাটল
** শুল্ক জটিলতায় হিলিতে আটকা ৩৫২০ টন চাল
**চাল রপ্তানির খবরে ভারতে দাম বড়েছে ১৪%
**চার লাখ টন চাল আমদানি করবে সরকার
**চালের দাম বেড়েই চলেছে
**‘জিটুজি’ পদ্ধতিতে ভারত থেকে চাল আমদানির চেষ্টা
**চালের দাম কমে যতটা, বাড়ে তার দ্বিগুণ
**ভিয়েতনাম থেকে এলো ২০ হাজার টন চাল
**আমদানি বাড়লেও চালের দামে ঊর্ধ্বমুখী
**ভিয়েতনাম থেকে এলো ১২.৫ হাজার টন চাল
**চালের এত আমদানি এর পরও কমছে না দাম
**ভারত থেকে এল সাড়ে ১১ হাজার টন চাল
**ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার টন চাল
**পাকিস্তান থেকে এলো ২৬ হাজার টন চাল
**কেজিতে ১৭ টাকা বেড়েছে চালের দাম
**রমজানে স্বস্তি বাজারে, অস্বস্তি শুধু চালের দামে
**সিন্ডিকেটের কবলে চাল আমদানি
**চাল আমদানি হচ্ছে টনকে টন,তবুও কমছে না দাম