প্রতিবারের মতো এবারও রাজস্ব আদায়ে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রথম চার মাসে রাজস্ব ঘাটতি ১৭ হাজার কোটি টাকার ওপরে উঠেছে। এনবিআরের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
চলতি অর্থবছরে এনবিআরকে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা শুল্ক–কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, জুলাই-অক্টোবর চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল এক লাখ ৩৬ হাজার ৬৯৭ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ কোটি টাকা। যদিও লক্ষ্য পূরণে পিছিয়ে পড়েছে এনবিআর, তবু এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল এক লাখ তিন হাজার ৪০৭ কোটি টাকা।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। চার মাসে ঘাটতি হয় ৯ হাজার ১৯৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৪৭ হাজার ৪৩ কোটি টাকা। আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা। আমদানি খাতে চার মাসে ৪১ হাজার ৫০৭ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে আদায় হয়েছে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকা। এই খাতে ঘাটতি হয়েছে ছয় হাজার ৭৫৬ কোটি টাকা।
গত জুলাই-অক্টোবরে ভ্যাট বা মূসক আদায়েও লক্ষ্য পূরণ হয়নি। এই খাতের লক্ষ্য ছিল ৪৮ হাজার ১৪৭ কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা। এ সময়ে এই খাতে ঘাটতি এক হাজার ২৬৯ কোটি টাকা।
