Header – After

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস, বন্দরে সতর্ক সংকেত

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের চার বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দমকা বা ঝড়ো হাওয়ার আভাস দিয়ে চার বন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিপ্তর। এছাড়া অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এক আবওহাওয়া সতর্কবার্তায় অধিদপ্তরের আবওহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এদিন সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘন্টা) থেকে অতি ভারি (১৮৮ মি.মি. (২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিন ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুমিল্লার মাইজদিকোর্টে, যা ৬৮ মিলিমিটার।

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অপর একটি আবহাওয়াবিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঘন মেঘমালা তৈরি হচ্ছে। এর কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে এসে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।