ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, সপ্তাহের শুরুতে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে সপ্তাহের শেষের দিকে এসব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য ওঠানামার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সকাল ৯টা থেকে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ দিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
