দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে ব্যবসা ও আবাস গড়ে তোলার অভিযোগে বহু ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এ প্রেক্ষাপটে নতুন করে সামনে এসেছে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিষয়টি। অর্থ পাচার ও ঋণ জালিয়াতি মামলার এই আসামি বাংলাদেশের পাশাপাশি আরও তিনটি দেশের নাগরিকত্ব অর্জন করেছেন। তার কাছে কমনওয়েলথ অব ডোমিনিকা, রিপাবলিক অব আলবেনিয়া ও রিপাবলিক অব লাইবেরিয়ার পাসপোর্ট রয়েছে। এর মধ্যে ডোমিনিকা ও আলবেনিয়ার নাগরিকত্ব তিনি সরাসরি পেয়েছেন, আর লাইবেরিয়ার পাসপোর্ট নিয়েছেন ইনভেস্টমেন্ট কনসালট্যান্ট হিসেবে। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে তাকে সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ২০০৭ ও ২০০৮ সালে অন্তত ৪৮ বছরের সাজাপ্রাপ্ত ওবায়দুল করিম বিভিন্ন সময়ে বিশ্বের কয়েকটি দেশের নাগরিকত্ব পেতে চেষ্টা করেন। এ পর্যন্ত তিনি কমনওয়েলথ অব ডোমিনিকা, আলবেনিয়া ও লাইবেরিয়ার পাসপোর্ট বাগিয়ে নিতে সফল হয়েছেন। এর মধ্যে ডোমিনিকার পাসপোর্ট নম্বর হলো–RA054664, আলবেনিয়ার পাসপোর্ট নম্বর–BC6388756 এবং লাইবেরিয়ার পাসপোর্ট নম্বর–003057।
এর মধ্যে ৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায়। এর মধ্যে ইউরোপের অন্যতম দেশ হলো–ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, নরওয়ে, সুইডেন, পর্তুগাল, গ্রিস, পোল্যান্ড ও অস্ট্রিয়া। আমেরিকা ও ক্যারিবিয়ান–ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু, উরুগুয়ে, বাহামাস, বার্বাডোজ, ত্রিনিদাদ, টোবাগো ও সেন্ট লুসিয়া। আফ্রিকা ও ওশেনিয়ার–বতসোয়ানা, মরিশাস, সেশেলস, ফিজি, ভানুয়াতু ও মাইক্রোনেশিয়া। এশিয়ার চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইসরায়েল, ফিলিপিন্স ও হংকং।
২০২৬ সালের তথ্য অনুযায়ী, আলবেনিয়ার পাসপোর্টধারীরা বিশ্বের প্রায় ৭৫ থেকে ৯৫টি দেশে ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের সুযোগ পান। ইউরোপে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন, নরওয়ে, পোল্যান্ড, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টিনেগ্রো, উত্তর মেসিডোনিয়া, কসোভো, তুরস্ক ও ইউক্রেন এর মধ্যে উল্লেখযোগ্য। এশিয়ায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, হংকং, তাইওয়ান, জর্জিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানেও একই সুবিধা রয়েছে। এছাড়া দক্ষিণ আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া, চিলি, এল সালভাদর, নিকারাগুয়া, ডোমিনিকা ও বার্বাডোজ এবং আফ্রিকার রুয়ান্ডা, জাম্বিয়া ও গাম্বিয়াতেও ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধা পান আলবেনিয়ার নাগরিকরা।
বর্তমানে লাইবেরিয়ার পাসপোর্টধারীরা প্রায় ২৫টি দেশে ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারেন। এসব দেশের মধ্যে রয়েছে বেনিন, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট, গাম্বিয়া, ঘানা, গিনি, গিনি-বিসাউ, মালি, নাইজার, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, সিয়েরা লিওন, টোগো, জাম্বিয়া, ফ্রান্স, ডোমিনিকা, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বার্বাডোজ, হাইতি, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইনস ও ইকুয়েডর। এদিকে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে গত ১৪ মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আবেদন করেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। শুনানি শেষে বিচারক মো. সাব্বির ফয়েজ আবেদনটি খারিজ করেন। এর আগে, মার্চ মাসে একই আবেদন নিয়ে তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যান। ৫ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ আবেদন নামঞ্জুর করে তাদের সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয়।
হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন (ক্রিমিনাল পিটিশন নম্বর- ১০৮৯/২০২৬) করেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। গত মঙ্গলবার সেই আবেদনটি খারিজ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। ফলে ওবায়দুল করিমকে তার সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
** চুক্তি ছাড়াই ফ্লাইওভার নির্মান করে ওরিয়ন
** ৫০৭ কোটি টাকা আত্মসাৎ করেছেন ওরিয়ন চেয়ারম্যান
** টোল আদায়ে অনিয়ম, বিপুল রাজস্ব ফাঁকি
