ঈদযাত্রার শুরুতে যমুনা সেতুতে যান চলাচল স্বস্তিদায়ক থাকলেও শেষের দিকে যাত্রীদের চরম ভোগান্তি দেখা দেয়। ঈদকে কেন্দ্র করে গত চার দিনে যমুনা সেতু দিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার ২৯৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১৪ কোটি ১৬ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। গত ২৪ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত এসব ছোট-বড় যানবাহন সেতু পার হয়। শুক্রবার (২৯ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রার প্রথম দিন ২৪ মে সেতু দিয়ে ৩৯ হাজার ৯১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় তিন কোটি ১৫ লাখ ৩১ হাজার ১০০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৫৭ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৮০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয় এক কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৭৫০ টাকা।
২৫ মে যমুনা সেতু দিয়ে মোট ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৬টি, যার বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। একই সময়ে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে টোল আদায় হয় ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। অন্যদিকে ২৬ মে সেতু দিয়ে মোট ৫৬ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ৩৬ হাজার ৪২৬টি, এতে টোল আদায় হয় ২ কোটি ২১ লাখ ৪ হাজার ২০০ টাকা। একই দিনে ঢাকাগামী ১৯ হাজার ৮১৩টি যানবাহন পারাপার হয়, যার বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৮৫০ টাকা।
ঈদের আগের দিন ২৭ মে যমুনা সেতু দিয়ে মোট ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ৩২ হাজার ৯০৭টি, যার বিপরীতে টোল আদায় হয় ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। একই সময়ে ঢাকাগামী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে টোল আদায় হয় ১ কোটি ১১ লাখ ৬ হাজার ৯০০ টাকা। এদিকে ঈদযাত্রার শেষ দিনে বুধবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে ঘরমুখো মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে প্রায় ২০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। যানজট নিরসনে পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হয়েছে। এর মধ্যে আলাদা দুটি বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার করা হয়। ফিরতি পথেও আমাদের একই প্রস্তুতি থাকবে।
