হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে করে আনা ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় কুয়েত থাকা আসা যাত্রী সজিবের নিকট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ‘ডি শিফট’ এর ডিউটি চলাকালে কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট জে ৯৫৩৩ যোগে বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী সজিব হোসেন। এ সময় তার গতিবিধি কাস্টম কর্মকর্তাদের নিকট সন্দেহজনক মনে হলে বেল্ট থেকে যাত্রীকে নজরদারি করা হয়। যাত্রী ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে আসলে তার সব ব্যাগ স্ক্যানিং করা হয়। যাত্রীর একটি ব্যাগের মধ্যে দুটি চার্জার লাইটয়ের ব্যাটারি স্ক্যানিং এ অস্বাভাবিক মনে হওয়ায় একাধিকবার স্ক্যানিং করে সেখানে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের অস্তিত্ব পরিলক্ষিত হয়।
পরবর্তী সময়ে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দুটি চার্জার লাইট ভেঙে আটটি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ২ কেজি ১০০ গ্রাম। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান কমিশনার।
