চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গোলযোগ, ব্যালট ছিনতাইয়ের চেষ্টা এবং সিল মারা ২০৩টি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহম্মেদ।
মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কেন্দ্রটিতে গোলযোগের সৃষ্টি হয়। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাসরুল্লাহ পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সেখানে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যদের অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করতে দেখেন।
ধাওয়া খেয়ে পালানোর সময় ওই ব্যক্তিরা কেন্দ্রের সামনে সিল মারা কয়েকটি ব্যালট পেপার ফেলে রেখে যান। এছাড়া কেন্দ্রের ভেতরে ও বাইরে থেকে সিল মারা ২০৩টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেঞ্চ সহকারী ইয়ামিন হোসাইন চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, ঘটনার পর আমি নিজেও ওই কেন্দ্রে গিয়েছি। মামলাটি তদন্ত করার জন্য থানার উপ-পরিদর্শক মো. ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
