চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৩৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চার জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন রয়েছেন।

এ সময়ে আরও ৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৪ জনে। চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৮৪ জন, যাদের মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১৩ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।