চট্টগ্রাম বিভাগে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

‎বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় আজ বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মধ্যরাত ১টার পর এ ঘোষণা আসে, যখন পরীক্ষার আর মাত্র ৯ ঘণ্টা বাকি ছিল। এর আগে একই রাতে ধাপে ধাপে চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় রাত পৌনে ১১টায় এবং কক্সবাজার জেলায় রাত পৌনে ১২টায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়েছিল।

কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এ বিভাগের সব জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে স্থগিত পরীক্ষার সূচি পরে জানানোর কথা বলা হয়। এদিন অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

চট্টগ্রামসহ ৩ জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিতচট্টগ্রামসহ ৩ জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসকদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে।

১ জুলাই পরীক্ষা শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।