ওলিরা ফ্যাশনস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের ঘোষণাবহির্ভূত প্রায় দুই কোটি টাকার পণ্য চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল কায়িক পরীক্ষা শেষে পণ্য আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ এপ্রিল চট্টগ্রাম কাস্টম হাউসে বন্ড সুবিধায় আমদানি করা ওলিরা ফ্যাশনের একটি চালানের খালাস স্থগিত করা হয়। আনাফ ট্রেড লিংক নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে ২৬ হাজার ৫০০ কেজি শতভাগ রায়ওন সোল ফেব্রিকস ঘোষণা দেওয়া হয়। কায়িক পরীক্ষায় ঘোষণাবহির্ভূত ২৯ হাজার ৯৪৬ কেজি ফেব্রিকস ফর লেডিস ড্রেসেস পাওয়া যায়। পণ্য চালানটির শুল্কায়নযোগ্য মূল্য ৯০ লাখ ৩৪ হাজার টাকা এবং শুল্ককর ৮০ লাখ ৭০ হাজার টাকা। শুল্ককরসহ মোট মূল্য এক কোটি ৭১ লাখ টাকা। ন্যায় নির্ণয় ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনারকে প্রতিবেদন দেওয়া হয়েছে বলে জানান ড. মো. সহিদুল ইসলাম।
