গোপালগঞ্জে রাতে ককটেল বিস্ফোরণ, আটক যুবক

ভোটের আগের রাতে গোপালগঞ্জে একাধিক ভোটকেন্দ্রের আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশের মিডিয়া গ্রুপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন। পুলিশ জানায়, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর ও টুঙ্গিপাড়া উপজেলার অন্তত আটটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ বছর বয়সী জিসান মোল্লাকে আটক করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া গ্রামের খালেদ মোল্লার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সদর উপজেলার ঘোষেরচর প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগানে একটি, ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় দুটি, শহরের মধ্যপাড়া বীণাপানি স্কুলসংলগ্ন সড়কে একটি, মাঝিগাতি ১০ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি এবং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। এ ছাড়া শহরের নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে একটি এবং টুঙ্গিপাড়া উপজেলার ছিলনা গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ককটেলগুলো ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় জিসান মোল্লা নামে এক দুষ্কৃতকারীকে আটক করেছে যৌথবাহিনী। গোপালগঞ্জ জেলা পুলিশের মিডিয়া গ্রুপে অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জানিয়েছেন, এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এর আগে ৩০ জানুয়ারি শহরের বেদ গ্রামে ২ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর ও ২৮ জানুয়ারি কলেজ রোডে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এছাড়া ২৬ জানুয়ারি গোবরা এলাকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এবং গত ১২ ডিসেম্বর জেলা স্টেডিয়াম সংলগ্ন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সড়কেও ককটেল বিস্ফোরণ হয়।